মণিপুরে দুই নাগা বেসামরিককে গুলি করে হত্যার অভিযোগ
![]()
জার্নাল প্রতিবেদক
ভারতের মণিপুরের সেনাপতি জেলায় সন্দেহভাজন সশস্ত্র ব্যক্তিদের গুলিতে দুই নাগা বেসামরিক নিহত হওয়ার অভিযোগ উঠেছে। শনিবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে জেলার কালেনজাং এলাকায় এ ঘটনা ঘটে বলে স্থানীয় ও সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। তবে নিহতদের পরিচয় কিংবা হত্যাকাণ্ডের সঙ্গে কারা জড়িত, সে বিষয়ে এখনো সরকারি কোনো নিশ্চিত বক্তব্য পাওয়া যায়নি।
সূত্রগুলো জানায়, তাফৌ নাগা গ্রামের কাছে দুই ব্যক্তির মরদেহ পড়ে থাকতে দেখা যায়। ঘটনাস্থলে রক্তের দাগও পাওয়া গেছে। স্থানীয় সূত্র নিহত দুজনকে মাও নাগা সম্প্রদায়ের সদস্য বলে দাবি করেছে। তবে তাদের নাম-পরিচয় এখনো আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়নি।
এর মাত্র এক দিন আগে পার্শ্ববর্তী কামজং জেলার পিলং এলাকায় চারজন তাংখুল নাগা বেসামরিক নাগরিককে গুলি করে হত্যার অভিযোগ ওঠে। ভারত-মিয়ানমার সীমান্তের কাছাকাছি ওই হামলার পেছনে মিয়ানমারভিত্তিক সন্দেহভাজন সশস্ত্র ব্যক্তিরা জড়িত বলে পুলিশ জানিয়েছিল।
পিলং হত্যাকাণ্ডের পর নাগা বেসামরিকদের নিরাপত্তা, বিচার ও জবাবদিহির দাবিতে অর্থনৈতিক অবরোধ আরোপ করেছিল ইউনাইটেড নাগা কাউন্সিল (ইউএনসি)। শনিবারই ওই অবরোধ প্রত্যাহার করে সংগঠনটি। এর মধ্যেই সেনাপতি জেলায় নতুন করে দুই নাগা বেসামরিক নিহত হওয়ার খবর সামনে এলো।
শনিবার মাও এলাকায় অবস্থান করছিলেন মণিপুরের মুখ্যমন্ত্রী ইয়ুমনাম খেমচাঁদ সিং। তিনি মারামে ডন বস্কো কলেজের (অটোনোমাস) রজতজয়ন্তী অনুষ্ঠানে যোগ দেন। ‘হেরিটেজ টু হরাইজনস’ প্রতিপাদ্যে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এদিকে রাজ্যের সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে নাগা নাগরিক সমাজের বিভিন্ন সংগঠনের মধ্যেও উদ্বেগ বাড়ছে। শনিবার আসামে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও মণিপুর সরকারের প্রতিনিধিদের সঙ্গে ত্রিপক্ষীয় বৈঠকে অংশ নেওয়ার কথা ছিল ইউএনসির নেতৃত্বাধীন নাগা নাগরিক সমাজের একটি প্রতিনিধিদলের। বৈঠকে মণিপুরের চলমান আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং শান্তি প্রতিষ্ঠার বিভিন্ন উদ্যোগ নিয়ে আলোচনা হওয়ার কথা ছিল।
সেনাপাতিতে দুই নাগা নিহত হওয়ার অভিযোগের বিষয়ে তাৎক্ষণিকভাবে মণিপুর সরকার বা পুলিশের কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। ঘটনার বিষয়ে আরও বিস্তারিত তথ্যের অপেক্ষা করা হচ্ছে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।