অবৈধ অনুপ্রবেশের দায়ে আটক ২ ভারতীয়কে বিজিবির ওপর হামলা করে ছিনিয়ে নিল পাহাড়িরা
![]()
জার্নাল প্রতিবেদক
রাঙামাটি পার্বত্য জেলার রাজস্থলী উপজেলায় অবৈধ অনুপ্রবেশের দায়ে আটক দুই ভারতীয় নাগরিককে স্থানীয় পাহাড়ি নারী-পুরুষের একটি সংঘবদ্ধ দল বিজিবির ওপর হামলা ছিনিয়ে নিয়ে গেছে বলে জানা গেছে। আজ রোববার (২৭ সেপ্টেম্বর) বিকেলে বিজিবির কাপ্তাই ব্যাটালিয়ন (৪১ বিজিবি) এর অধীন দুমদুমিয়া বিজিবি ক্যাম্পের চেকপোস্টে ওই দুই ব্যক্তিকে আটকের পর রাজস্থলী থানায় নেওয়ার পথে এ ঘটনা ঘটে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
সূত্র জানায়, রোববার বিকেল ৪টা ২০ মিনিটের দিকে দুমদুমিয়া বিজিবি ক্যাম্পের চেকপোস্টে দায়িত্ব পালনরত বিজিবি সদস্যরা সন্দেহজনকভাবে চলাচলকারী দুই ব্যক্তিকে আটক করেন। পরে তাদের কাছে ভারতীয় প্রসাধনী সামগ্রী, আধার কার্ড ও কাপড়-চোপড়সহ বিভিন্ন মালামাল পাওয়া যায় বলে জানা গেছে। এসব নথি ও সামগ্রীর ভিত্তিতে প্রাথমিকভাবে তাদের ভারতীয় নাগরিক হিসেবে শনাক্ত করা হয়।
আটক দুই ব্যক্তি হলেন ভারতের মিজোরাম রাজ্যের লংটিলা জেলার গবাছড়ি গ্রামের ধনমনি তংচংঙ্গার ছেলে মনসিক্কা তংচংঙ্গা এবং একই এলাকার পরোবাত তংচংঙ্গার ছেলে সুশীল তংচংঙ্গা।
সূত্রের দাবি, আটক ব্যক্তিদের পরবর্তী আইনগত প্রক্রিয়ার জন্য বিজিবির একটি টহল দল রাজস্থলী থানার উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল। সন্ধ্যা ৬টা ৫০ মিনিটের দিকে দুমদুমিয়া বিজিবি ক্যাম্প থেকে আনুমানিক ৫০০ থেকে ৭০০ গজ দূরে পৌঁছালে স্থানীয় পাহাড়ি নারী-পুরুষের একটি সংঘবদ্ধ দল অতর্কিত হামলা চালিয়ে বিজিবি সদস্যদের কাছ থেকে আটক দুই ব্যক্তিকে ছিনিয়ে নিয়ে যায়।
ঘটনার পর আটক দুই ভারতীয় নাগরিকের অবস্থান এবং তাদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা কী নেওয়া হবে, তা নিয়েও অনিশ্চয়তা তৈরি হয়েছে।
তবে এ বিষয়ে তাৎক্ষনিকভাবে বিজিবি বা থানা পুলিশের কোন বক্তব্য নেয়া সম্ভব হয় নি।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।