‘ক্যাশলেস বান্দরবান’ গড়তে পূবালী ব্যাংকের মতবিনিময় সভা
![]()
জার্নাল প্রতিবেদক
‘এক দেশ, এক লেনদেন’ স্লোগানকে সামনে রেখে ‘ক্যাশলেস বান্দরবান’ গড়ার লক্ষ্যে মতবিনিময় সভা করেছে পূবালী ব্যাংক পিএলসি, বান্দরবান শাখা। ডিজিটাল লেনদেনের প্রসার, নগদ অর্থের ব্যবহার কমানো এবং নিরাপদ ও সহজ ব্যাংকিং ব্যবস্থা গড়ে তোলার বিষয়ে সভায় আলোচনা করা হয়।
রোববার (২৭ সেপ্টেম্বর) দুপুরে বান্দরবান শহরের রাজার মাঠে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী সাচিং প্রু জেরী।
সভায় পূবালী ব্যাংক পিএলসির দক্ষিণাঞ্চল প্রধান ও উপমহাব্যবস্থাপক মেজবাহ উদ্দীন মাহাবুব, পূবালী ব্যাংক পিএলসি বান্দরবান শাখার ব্যবস্থাপক কামরুল হাসান মজুমদারসহ ব্যাংকের কর্মকর্তা, ব্যবসায়ী এবং বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা বলেন, ডিজিটাল লেনদেনের পরিধি বাড়ানো গেলে নগদ অর্থের ওপর নির্ভরতা কমার পাশাপাশি লেনদেন আরও সহজ, দ্রুত ও নিরাপদ করা সম্ভব। ব্যাংকিং সেবার সঙ্গে ডিজিটাল প্রযুক্তির সমন্বয় বাড়লে ব্যবসা-বাণিজ্য ও সাধারণ মানুষের দৈনন্দিন আর্থিক লেনদেনেও এর সুফল পাওয়া যাবে।
বক্তারা আরও বলেন, পর্যটননির্ভর জেলা বান্দরবানে ব্যবসা-বাণিজ্য ও পর্যটন খাতে ডিজিটাল লেনদেন বাড়ানোর ব্যাপক সুযোগ রয়েছে। পর্যটনকেন্দ্র, হোটেল-মোটেল, রেস্তোরাঁ, পরিবহন, দোকানপাটসহ বিভিন্ন খাতে নগদ অর্থের পরিবর্তে ডিজিটাল লেনদেনের ব্যবহার বাড়ানো গেলে স্থানীয় অর্থনীতিতেও এর ইতিবাচক প্রভাব পড়তে পারে।
‘ক্যাশলেস বান্দরবান’ বাস্তবায়নে ব্যবসায়ী, পর্যটনসংশ্লিষ্ট ব্যক্তি এবং সাধারণ মানুষকে আরও বেশি করে ডিজিটাল লেনদেনের আওতায় আসার আহ্বান জানানো হয়। এ উদ্যোগ বাস্তবায়নে ব্যাংক, ব্যবসায়ী ও সংশ্লিষ্ট সব পক্ষের সমন্বিত অংশগ্রহণের ওপরও গুরুত্বারোপ করেন বক্তারা।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।