সংবিধান সংশোধন কমিটিতে বাঙালি প্রতিনিধিদের উপেক্ষার অভিযোগ, পিসিসিপির হুঁশিয়ারি

সংবিধান সংশোধন কমিটিতে বাঙালি প্রতিনিধিদের উপেক্ষার অভিযোগ, পিসিসিপির হুঁশিয়ারি

সংবিধান সংশোধন কমিটিতে বাঙালি প্রতিনিধিদের উপেক্ষার অভিযোগ, পিসিসিপির হুঁশিয়ারি
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

জার্নাল প্রতিবেদক

ত্রয়োদশ জাতীয় সংসদের ‘সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটি’র মতবিনিময় সভায় পার্বত্য চট্টগ্রামের বাঙালি জনগোষ্ঠীর প্রতিনিধিদের আমন্ত্রণ না জানানোর অভিযোগ তুলে এর প্রতিবাদ জানিয়েছে পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ (পিসিসিপি)। সোমবার (৫ অক্টোবর) সকালে সংগঠনটির কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে দেওয়া এক প্রেস বিজ্ঞপ্তিতে এ প্রতিবাদ ও ক্ষোভের কথা জানানো হয়।

যৌথ প্রেস বিজ্ঞপ্তিতে পিসিসিপি কেন্দ্রীয় কমিটির সভাপতি শাহাদাৎ হোসেন কায়েস ও সাধারণ সম্পাদক হাবীব আজম বলেন, জাতীয় সংসদ সচিবালয়ের সচিব ব্যারিস্টার মো. গোলাম সরওয়ার ভূঁইয়া স্বাক্ষরিত এক চিঠির মাধ্যমে গত ৪ অক্টোবর কেবিনেট কক্ষে জুলাই গণঅভ্যুত্থানে ভূমিকা রাখা শ্রমজীবী মানুষ এবং ক্ষুদ্র জাতিসত্তা ও নৃগোষ্ঠীর প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময়ের আয়োজন করা হয়। তবে তাদের দাবি, পার্বত্য চট্টগ্রামের মোট জনসংখ্যার ৫৪ শতাংশ বাঙালি জনগোষ্ঠীর কোনো প্রতিনিধিকে ওই বৈঠকে আমন্ত্রণ জানানো হয়নি।

পিসিসিপি নেতারা বলেন, পার্বত্য চট্টগ্রামের যেকোনো নীতি নির্ধারণ কিংবা সংবিধান সংশোধনের মতো জাতীয় ও সংবেদনশীল বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে পাহাড়ে বসবাসরত সব সম্প্রদায়ের মতামত নেওয়া প্রয়োজন। তাদের ভাষ্য, পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠার জন্য সব পক্ষের অংশগ্রহণ নিশ্চিত করা জরুরি।

বিজ্ঞপ্তিতে বলা হয়, পার্বত্য চট্টগ্রামের একটি বড় জনগোষ্ঠীকে আলোচনার বাইরে রেখে সংবিধানের মতো স্পর্শকাতর বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের উদ্যোগ নেওয়া হলে তা নিয়ে পাহাড়ে অসন্তোষ ও সামাজিক অস্থিরতা তৈরি হতে পারে। পিসিসিপি নেতারা এ ধরনের পরিস্থিতির জন্য সংশ্লিষ্ট কমিটিকে দায়ী করতে হবে বলেও হুঁশিয়ারি দেন।

সংগঠনটির নেতারা আরও বলেন, পার্বত্য চট্টগ্রামের যেকোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে বাঙালি ও অবাঙালি—উভয় পক্ষের সঙ্গে সমভাবে আলোচনা করে মতামত নেওয়া প্রয়োজন। তাদের মতে, কোনো একটি জনগোষ্ঠীকে বাদ দিয়ে অখণ্ডতা বা সংবিধান সংশ্লিষ্ট বিষয়ে সিদ্ধান্ত চাপিয়ে দেওয়ার চেষ্টা না করে সব পক্ষের মতামতের ভিত্তিতে একটি গ্রহণযোগ্য পথ খুঁজে বের করা উচিত।

প্রেস বিজ্ঞপ্তিতে পিসিসিপি কেন্দ্রীয় কমিটি সংবিধান সংশোধন সংক্রান্ত বিশেষ কমিটির প্রতি পার্বত্য চট্টগ্রামের বাঙালি প্রতিনিধিদেরও মতবিনিময় সভায় অন্তর্ভুক্ত করার আহ্বান জানায়। একই সঙ্গে পার্বত্য অঞ্চলের সর্বস্তরের মানুষের মতামত প্রতিফলনের মাধ্যমে এ ধরনের জাতীয় ও সংবেদনশীল বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণের দাবি জানানো হয়।

সংগঠনের প্রচার সম্পাদক স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, পার্বত্য চট্টগ্রামের সব জনগোষ্ঠীর প্রতিনিধিত্ব নিশ্চিত করে মতবিনিময়ের সুযোগ তৈরি করা হলে সংশ্লিষ্ট বিষয়ে বৃহত্তর অংশগ্রহণ ও মতামত প্রতিফলনের সুযোগ সৃষ্টি হবে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।