রাঙ্গুনিয়ার জনাকীর্ণ বাজারে ১৪ ফুটের অজগর, রাতে অবমুক্ত কাপ্তাইয়ের বনে
![]()
জার্নাল প্রতিবেদক
চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার চন্দ্রঘোনা দোভাষী বাজারের একটি দোকানের দরজার ওপর প্রায় ১৪ ফুট লম্বা অজগর সাপ দেখতে পেয়ে স্থানীয়দের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পরে সাপটি উদ্ধার করে বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়। সোমবার (১২ অক্টোবর) রাত ১১টার দিকে অজগরটি রাঙামাটির কাপ্তাই রেঞ্জের রাম পাহাড় বিটের সংরক্ষিত বনাঞ্চলে অবমুক্ত করা হয়েছে।
বন বিভাগ সূত্রে জানা গেছে, সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে চন্দ্রঘোনা দোভাষী বাজারের সন্ধ্যা জুয়েলার্সের দরজার ওপর অজগরটি দেখতে পান স্থানীয় লোকজন। পরে তাঁরা সাপটি উদ্ধার করে কাপ্তাই বন বিভাগের কাছে হস্তান্তর করেন। অজগরটির দৈর্ঘ্য প্রায় ১৪ ফুট এবং ওজন আনুমানিক ১৫ কেজি।
সন্ধ্যা জুয়েলার্সের মালিক রাজীব ধর জানান, তাঁর দোকানের পেছনেই কর্ণফুলী নদী। তবে অজগরটি কখন বা কীভাবে দোকানে প্রবেশ করেছে, তা কেউ বুঝতে পারেননি।
পরে রাতে কাপ্তাইয়ের সহকারী বন সংরক্ষক এ কে এম ইমরুল কায়েস, কাপ্তাই রেঞ্জ কর্মকর্তা মো. মামুনুর রহমান এবং রেঞ্জের নবাগত কর্মকর্তা খান মো. আনোয়ার হোসেনের উপস্থিতিতে অজগরটি রাম পাহাড় বিটের সংরক্ষিত বনাঞ্চলে অবমুক্ত করা হয়।
জনাকীর্ণ বাজারের একটি দোকানের দরজার ওপর এত বড় অজগর সাপের উপস্থিতিতে বিস্ময় প্রকাশ করেছেন স্থানীয়রা। সাপটি কীভাবে লোকালয়ে এসেছে, তা নিয়ে তাঁদের মধ্যে কৌতূহল সৃষ্টি হয়েছে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।