লংগদুতে দুর্গাপূজার নিরাপত্তায় সেনাবাহিনীর সমন্বয় সভা, সিসি ক্যামেরায় নজরদারির সিদ্ধান্ত
![]()
জার্নাল প্রতিবেদক
শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ, নিরাপদ ও নির্বিঘ্নে উদ্যাপন নিশ্চিত করতে রাঙামাটির লংগদুতে নিরাপত্তাব্যবস্থা জোরদারে সমন্বয় সভা করেছে বাংলাদেশ সেনাবাহিনীর লংগদু জোন। পূজামণ্ডপে সার্বক্ষণিক নজরদারি, নিরাপত্তার ঝুঁকি বিবেচনায় আনসার ও ভিডিপি সদস্য মোতায়েন এবং প্রতিমা বিসর্জনের সময় ফায়ার সার্ভিসের ডুবুরি দল প্রস্তুত রাখাসহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে সভায়।
শুক্রবার (১৬ অক্টোবর) খাগড়াছড়ি রিজিয়নের আওতাধীন লংগদু জোনের উদ্যোগে শীলাছড়ার কনফারেন্স রুমে এ মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।
সভায় আসন্ন দুর্গাপূজা উপলক্ষে পূজামণ্ডপের নিরাপত্তা, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং প্রতিমা বিসর্জন কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন করার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
সভায় প্রতিমা নির্মাণের স্থানগুলোতে নিরাপত্তা নিশ্চিত করা এবং সব পূজামণ্ডপে রিচার্জেবল আইপি ক্যামেরার মাধ্যমে সার্বক্ষণিক নজরদারির ওপর গুরুত্ব দেওয়া হয়। মণ্ডপের গুরুত্ব ও নিরাপত্তাঝুঁকি বিবেচনায় আনসার ও ভিডিপি সদস্য মোতায়েনের সিদ্ধান্তও নেওয়া হয়। এ ছাড়া প্রতিমা বিসর্জনের সময় যেকোনো দুর্ঘটনা মোকাবিলায় ফায়ার সার্ভিসের ডুবুরি দল প্রস্তুত রাখা, বিজয়া দশমীতে বিকেল সাড়ে ৫টার মধ্যে প্রতিমা বিসর্জন সম্পন্ন করা এবং প্রতিটি পূজামণ্ডপে জেনারেটরের ব্যবস্থা নিশ্চিত করার বিষয়ে আলোচনা হয়।

সভায় লংগদু জোনের প্রতিনিধি হিসেবে মেজর মুবীন আর রহমান অংশ নেন। তিনি দুর্গাপূজা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে সংশ্লিষ্ট সবার সঙ্গে সমন্বয় বজায় রেখে বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে সার্বিক সহযোগিতা প্রদানের আশ্বাস দেন।
পার্বত্য চট্টগ্রামে শান্তি, সম্প্রীতি ও স্থিতিশীলতা বজায় রাখার পাশাপাশি সব সম্প্রদায়ের মানুষ যাতে নিরাপদে নিজ নিজ ধর্মীয় উৎসব উদ্যাপন করতে পারেন, সে লক্ষ্যে এ ধরনের সমন্বিত উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন। নিরাপত্তা পরিকল্পনা বাস্তবায়নে সংশ্লিষ্ট কর্তৃপক্ষগুলোর পারস্পরিক সহযোগিতা দুর্গাপূজার সময় সম্ভাব্য ঝুঁকি মোকাবিলা ও উৎসবের পরিবেশ সুরক্ষায় সহায়ক হবে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।