দীঘিনালায় জরাজীর্ণ বৌদ্ধ বিহার সংস্কারে পাশে দাঁড়াল সেনাবাহিনী
![]()
জার্নাল প্রতিবেদক
পার্বত্য চট্টগ্রামের দুর্গম এলাকায় শিক্ষা, চিকিৎসা, যোগাযোগ ও আর্থসামাজিক উন্নয়নে বিভিন্ন জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করছে বাংলাদেশ সেনাবাহিনী। এরই ধারাবাহিকতায় খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার কাটারুংছড়া এলাকার ত্রিরত্ন বৌদ্ধ বিহারের উন্নয়নে ৮ বান্ডিল ঢেউটিন প্রদান করেছে দীঘিনালা জোন। বিহারটির জরাজীর্ণ অবস্থা বিবেচনায় নিয়ে এ সহায়তা দেওয়া হয়।
দীঘিনালা জোন অধিনায়কের নির্দেশনায় জোনের আরএমও ক্যাপ্টেন আরেফ আহমেদ বিহারটির উন্নয়নের জন্য ঢেউটিনগুলো হস্তান্তর করেন। এ সময় তিনি বিহারের অধ্যক্ষ জয়বর্ধন ভিক্ষু ও অনুমোদর্শী শ্রমণের শারীরিক অবস্থার খোঁজখবর নেন। পাশাপাশি তাঁদের প্রয়োজনীয় ওষুধ প্রদান এবং উন্নত চিকিৎসার বিষয়ে পরামর্শ দেন।
এ সময় আলমগীর টিলা ক্যাম্প কমান্ডার ওয়ারেন্ট অফিসার আব্দুল কাদের, ত্রিরত্ন বৌদ্ধ বিহারের সহসভাপতি প্রদীপ চন্দ্র চাকমা, বোয়ালখালী ইউনিয়ন পরিষদের সদস্য দীপক জ্যোতি চাকমা, কার্বারি রমনী রঞ্জন চাকমা, শিক্ষক অনিল জ্যোতি ত্রিপুরাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
বিহারটির বর্তমান অবস্থা তুলে ধরে অধ্যক্ষ জয়বর্ধন ভিক্ষু জানান, এলাকার অধিকাংশ মানুষের আর্থিক অবস্থা দুর্বল হওয়ায় তাঁরা বিহারের উন্নয়নে পর্যাপ্ত অর্থসহায়তা দিতে পারেন না। এ ছাড়া সরকারি কোনো সহযোগিতাও পাওয়া যায়নি। ফলে দীর্ঘদিন ধরে বিহারটি জরাজীর্ণ অবস্থায় রয়েছে। সীমিত সামর্থ্যের মধ্যে কোনো রকমে ধর্মীয় কার্যক্রম পরিচালনা করতে হচ্ছে।
তিনি আরও জানান, বিহারটির দুরবস্থার বিষয়টি বিবেচনা করে দীঘিনালা জোন কমান্ডার ৮ বান্ডিল ঢেউটিন দিয়ে সহযোগিতা করেছেন। এ সহায়তা বিহারের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি আশা প্রকাশ করেন। একই সঙ্গে সহযোগিতার জন্য দীঘিনালা জোনের প্রতি কৃতজ্ঞতা জানান।
স্থানীয়দের মতে, দুর্গম এলাকার ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর অবকাঠামোগত উন্নয়নে এ ধরনের সহযোগিতা গুরুত্বপূর্ণ। বিশেষ করে স্থানীয় জনগোষ্ঠীর সীমিত আর্থিক সামর্থ্যের কারণে যেসব প্রতিষ্ঠান প্রয়োজনীয় সংস্কার করতে পারছে না, সেখানে এ সহায়তা ইতিবাচক ভূমিকা রাখতে পারে। ত্রিরত্ন বৌদ্ধ বিহারের উন্নয়ন এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের চিকিৎসার খোঁজখবর নেওয়ার মধ্য দিয়ে দীঘিনালা জোনের এ উদ্যোগ স্থানীয় পর্যায়ে জনকল্যাণমূলক কার্যক্রমের একটি দৃষ্টান্ত হয়ে থাকবে বলে তাঁরা আশা করছেন।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।