ছাত্র-জনতার মোড়কে এবার রাঙামাটি ও খাগড়াছড়িতে অবরোধের ঘোষণা ইউপিডিএফের
![]()
জার্নাল প্রতিবেদক
রাঙামাটির সাজেকে সড়ক অবরোধ করে পর্যটক ও আইন-শৃঙ্খলাবাহিনীর উপর হামলা-গুলিবর্ষণের পর এবার উল্টো হামলার অভিযোগ এবার এনে ছাত্র-জনতার সংগ্রাম পরিষদ নামের একটি ভূঁইফোড় সংগঠনের ব্যানারে আগামী শনিবার (২৪ অক্টোবর) রাঙামাটি ও খাগড়াছড়ি জেলায় আধাবেলা সড়ক ও নৌপথ অবরোধের ডাক দিয়েছে ইউপিডিএফ সন্ত্রাসীরা।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) বিকেলে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ কর্মসূচির ঘোষণা দেওয়া হয়।
বিজ্ঞপ্তিতে, অবরোধ সফল করতে পার্বত্য চট্টগ্রামের গণতান্ত্রিক ও প্রগতিশীল সংগঠনগুলোর পাশাপাশি দুই জেলার যানবাহন মালিক ও শ্রমিক সংগঠনগুলোর সহযোগিতা কামনা করা হয়েছে।
ভূঁইফোড় সংগঠনটির সভাপতি উষাতন চাকমা জানান, শনিবার সকাল ৫টা থেকে দুপুর ১২টা পর্যন্ত সড়ক ও নৌপথে অবরোধ চলবে। এ কর্মসূচি সফল করতে সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেন তিনি।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, অবরোধের আওতামুক্ত থাকবে অ্যাম্বুলেন্স ও রোগীবাহী গাড়ি, শববাহী যান, ফায়ার সার্ভিসের গাড়ি এবং জরুরি ওষুধ সরবরাহকারী যানবাহন।
প্রেস বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেছেন ছাত্র-জনতার সংগ্রাম পরিষদের সাংগঠনিক সম্পাদক নির্মল চাকমা।
তবে অবরোধের কারণে দুই জেলায় সড়ক ও নৌপথে যান চলাচল এবং সাধারণ মানুষের যাতায়াতে প্রভাব পড়তে পারে বলে ধারনা করা হচ্ছে।
অবরোধের কারণে রাঙামাটি ও খাগড়াছড়িতে সাধারণ মানুষের দৈনন্দিন জীবনযাত্রার পাশাপাশি পরিবহন, পর্যটন, ব্যবসা-বাণিজ্য ও স্থানীয় অর্থনীতি ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে। সড়ক ও নৌপথে যান চলাচল ব্যাহত হলে কর্মজীবী মানুষ, শিক্ষার্থী, রোগী ও জরুরি প্রয়োজনে যাতায়াতকারীদের ভোগান্তিতে পড়তে হতে পারে। পণ্যবাহী যান চলাচলে বিঘ্ন ঘটলে নিত্যপ্রয়োজনীয় পণ্য সরবরাহ ও বাজারজাতকরণে দেরি হতে পারে, যার প্রভাব পড়তে পারে ক্ষুদ্র ব্যবসায়ী, দোকানদার, পরিবহন শ্রমিক ও দিনমজুরদের আয়ে। একই সঙ্গে পর্যটননির্ভর হোটেল, রিসোর্ট, রেস্তোরাঁ, স্থানীয় পরিবহন ও ক্ষুদ্র উদ্যোক্তারা পর্যটক চলাচল কমে যাওয়ার কারণে আর্থিক ক্ষতির মুখে পড়তে পারেন। অবরোধের সময়সীমা অর্ধদিবস হলেও পরিবহন ও পণ্য সরবরাহে বিঘ্নের প্রভাব পরবর্তী সময়েও পড়তে পারে।
উল্লেখ্য, গত ১১ অক্টোবর ৩ দফা দাবিতে প্রথম দফায় অনির্দিষ্টকালের সড়ক অবরোধ শুরু হয়। পরে স্থানীয় প্রশাসনের আশ্বাসে ৪৮ ঘণ্টার জন্য তা প্রত্যাহার করা হলেও প্রতিশ্রুতি বাস্তবায়িত না হওয়ায় ১৫ অক্টোবর পুনরায় সড়ক অবরোধের ডাক দেওয়া হয়। পরবর্তীতে শারদীয় দুর্গোৎসবের কারণে কর্মসূচি স্থগিতে পর আজ থেকে তা আবার শুরু হয়েছিল।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।