আত্মকর্মসংস্থান সৃষ্টির উদ্যোগ: রুমায় সেনাবাহিনীর উদ্যোগে মোবাইল ফোন মেরামত প্রশিক্ষণ সম্পন্ন
![]()
জার্নাল প্রতিবেদক
বান্দরবানের রুমায় বেকার যুবকদের কারিগরি দক্ষতা বৃদ্ধি ও আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টির লক্ষ্যে বাংলাদেশ সেনাবাহিনীর রুমা জোনের উদ্যোগে আয়োজিত তিন সপ্তাহব্যাপী মোবাইল ফোন মেরামত প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকাল ১০টায় রুমা সরকারি উচ্চ বিদ্যালয়ের হলরুমে প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন রুমা জোনের উপ-অধিনায়ক মেজর মো. নেয়ামুল নাসির সিদ্দিকী।
গত ৪ অক্টোবর থেকে ২২ অক্টোবর পর্যন্ত চলা এ প্রশিক্ষণে অংশগ্রহণকারী যুবকেরা মোবাইল ফোন মেরামতের বিভিন্ন কারিগরি বিষয়ে হাতে-কলমে শিক্ষা গ্রহণ করেন। প্রশিক্ষণের মাধ্যমে তাঁদের প্রযুক্তিগত দক্ষতা অর্জন এবং ভবিষ্যতে স্বাবলম্বী হওয়ার পথ তৈরি হয়েছে।
সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি প্রশিক্ষণার্থীদের হাতে প্রশিক্ষণ সম্পন্নের সনদ ও উপহারসামগ্রী তুলে দেন। এ ছাড়া প্রশিক্ষণে প্রথম ও দ্বিতীয় স্থান অর্জনকারী দুজনকে নগদ অর্থ পুরস্কার দেওয়া হয়।

এ সময় মেজর মো. নেয়ামুল নাসির সিদ্দিকী প্রশিক্ষণলব্ধ জ্ঞান ও দক্ষতা বাস্তব জীবনে কাজে লাগিয়ে আত্মনির্ভরশীল হওয়ার পাশাপাশি এলাকার আর্থসামাজিক উন্নয়নে অবদান রাখতে প্রশিক্ষণার্থীদের প্রতি আহ্বান জানান।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ক্যাপ্টেন আবুল বাশার মো. শাকিল শিপু, রুমা সদর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান অংসিংনু মারমা, মো. ইদ্রিস মিয়া, রুমা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক অংবাচিং মারমা, কোষাধ্যক্ষ উবাসিং মারমা ও সাবেক সাধারণ সম্পাদক চনুমং মারমাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং সংশ্লিষ্টরা।
অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিরা বলেন, পাহাড়ি অঞ্চলের যুবকদের জন্য এ ধরনের কারিগরি প্রশিক্ষণ কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি, বেকারত্ব হ্রাস ও আত্মনির্ভরশীলতা অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। অর্জিত দক্ষতা কাজে লাগিয়ে প্রশিক্ষণার্থীরা নিজেরাই মোবাইল ফোন মেরামতের কাজ শুরু করে আত্মকর্মসংস্থান সৃষ্টি করতে পারবেন। এর ফলে তাঁদের ব্যক্তিগত আয়ের সুযোগ বাড়ার পাশাপাশি স্থানীয় পর্যায়েও প্রয়োজনীয় কারিগরি সেবা সহজলভ্য হবে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।