আলীকদমে দুই দিনব্যাপী ‘সিএইচটি ইয়ুথ ক্যাম্প ২০২৬’ শুরু
![]()
জার্নাল প্রতিবেদক
পার্বত্য চট্টগ্রামের টেকসই উন্নয়ন, পরিবেশ ও বাস্তুতন্ত্রের সুরক্ষা এবং জলবায়ু সহনশীল ভবিষ্যৎ বিনির্মাণে তরুণদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করার লক্ষ্যে বান্দরবানের আলীকদমে শুরু হয়েছে দুই দিনব্যাপী ‘সিএইচটি ইয়ুথ ক্যাম্প ২০২৬’। ‘কো-ক্রিয়েটিং সলিউশনস ফর আ রেজিলিয়েন্ট টুমরো’ (Co-Creating Solutions for a Resilient Tomorrow) প্রতিপাদ্যে আয়োজিত এ ক্যাম্পে স্থানীয় তরুণ-তরুণীরা পার্বত্য অঞ্চলের বিভিন্ন সমস্যা, সম্ভাবনা ও উন্নয়ন ভাবনা নিয়ে আলোচনা করবেন।
মঙ্গলবার (১৭ নভেম্বর) সকালে আলীকদমের দ্যা দামতুয়া ইন-এর হলরুমে ক্যাম্পের উদ্বোধন করা হয়। বুধবার (১৮ নভেম্বর) পর্যন্ত চলবে এ আয়োজন।
‘পার্টনারশিপ ফর রেজিলিয়েন্ট লাইভলিহুড ইন চিটাগং হিল ট্র্যাক্টস রিজিয়ন’ (PRL-CHT) এবং ‘ইকোসিস্টেমস রেস্টোরেশন অ্যান্ড রেজিলিয়েন্ট ডেভেলপমেন্ট ইন দ্য সিএইচটি’ (ERRD-CHT) প্রকল্পের উদ্যোগে এ যুব ক্যাম্পের আয়োজন করা হয়েছে। এতে সার্বিক সহযোগিতা করছে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি) এবং লোকাল ভলান্টিয়ার মিডিয়েটরস ফোরাম (LVMF)।
ইউএনডিপির বান্দরবান জেলা ব্যবস্থাপক খুশিরায় ত্রিপুরার সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সদস্য মংক্যানু মার্মা। বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদের সদস্য আগস্টিন ত্রিপুরা, আলীকদম থানার উপপরিদর্শক (এসআই) উপন বড়ুয়া, আলীকদম সদর ইউনিয়ন পরিষদের সদস্য রেহানা বেগম এবং আলীকদম উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা উচিং মারমা। এ সময় ক্যাম্পে অংশগ্রহণকারী তরুণ-তরুণীরাও উপস্থিত ছিলেন।
আয়োজকরা জানান, পার্বত্য চট্টগ্রামের টেকসই উন্নয়ন, প্রাকৃতিক সম্পদ ও বাস্তুতন্ত্রের সুরক্ষা এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় স্থানীয় তরুণদের চিন্তা, উদ্যোগ ও অংশগ্রহণকে গুরুত্ব দিতেই এ ক্যাম্পের আয়োজন। তরুণদের উদ্ভাবনী চিন্তা, সৃজনশীলতা ও সমস্যা সমাধানের দক্ষতা বিকাশের পাশাপাশি স্থানীয় উন্নয়ন কর্মকাণ্ডে তাঁদের সম্পৃক্ত করাও এ আয়োজনের অন্যতম লক্ষ্য।
দুই দিনের এ ক্যাম্পে অংশগ্রহণকারীরা দলগত আলোচনা, বিভিন্ন কর্মশালা এবং ধারণা উপস্থাপনের মাধ্যমে পার্বত্য চট্টগ্রামের বিদ্যমান চ্যালেঞ্জ ও সম্ভাবনা চিহ্নিত করবেন। একই সঙ্গে পরিবেশ সংরক্ষণ, জীবিকা, জলবায়ু সহনশীলতা ও স্থানীয় উন্নয়নসংক্রান্ত সমস্যা মোকাবিলায় নিজেদের উদ্ভাবনী পরিকল্পনা ও করণীয় তুলে ধরবেন।
আয়োজকদের প্রত্যাশা, এ ক্যাম্পের মাধ্যমে পার্বত্য অঞ্চলের তরুণদের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও নেতৃত্বের বিকাশ ঘটবে। পাশাপাশি পরিবেশবান্ধব উন্নয়ন ভাবনা, স্থানীয় সমস্যা সমাধানে সম্মিলিত উদ্যোগ এবং একটি টেকসই, সহনশীল ও সমৃদ্ধ পার্বত্য চট্টগ্রাম গড়ে তোলার ক্ষেত্রে তরুণদের কার্যকর ভূমিকা রাখার নতুন সুযোগ তৈরি হবে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।