সাজেকে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়াল সেনাবাহিনীর বাঘাইহাট জোন, খাদ্যসামগ্রী ও নগদ অর্থ সহায়তা
![]()
জার্নাল প্রতিবেদক
রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নের কামাল চত্বরে অগ্নিকাণ্ডে বসতঘর হারানো এক অসহায় পরিবারের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ সেনাবাহিনীর বাঘাইহাট জোন। দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারটির তাৎক্ষণিক প্রয়োজন বিবেচনায় খাদ্যসামগ্রী, শীতের কম্বল ও নগদ অর্থ সহায়তা প্রদান করেছে সেনাবাহিনী।
মঙ্গলবার (১৭ নভেম্বর) বাঘাইহাট জোনের একটি প্রতিনিধিদল ঘটনাস্থলে গিয়ে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের হাতে এসব সহায়তা তুলে দেয়।
সহায়তার মধ্যে ছিল চারটি শীতের কম্বল এবং চাল, ডাল, তেল, চিনি, লবণ, আলু ও পেঁয়াজসহ নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী। পাশাপাশি পরিবারটিকে নগদ অর্থও দেওয়া হয়।

এর আগে সোমবার (১৬ নভেম্বর) দুপুর ১টা ২৭ মিনিটের দিকে কামাল চত্বরের সিজুকছড়া পানির পয়েন্টের কাছে দিব্য মনি চাকমারর মেয়ে রাত্রী মনি চাকমার বসতঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। প্রাথমিকভাবে রান্নার চুলা থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে জানা গেছে। আগুন দ্রুত ছড়িয়ে পড়লে কাঠ, বাঁশ ও ছনের তৈরি বসতঘরটি পুড়ে ক্ষতিগ্রস্ত হয়।
অগ্নিকাণ্ডের খবর পেয়ে সেনাবাহিনীর সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে নিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন। সম্মিলিত প্রচেষ্টায় দুপুর ১টা ৩৩ মিনিটের দিকে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। এতে আশপাশের এলাকায় আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কা কমে আসে।
তবে আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় বসতঘরের ভেতরে থাকা প্রয়োজনীয় আসবাবপত্র, পোশাক, রান্নার সামগ্রী ও অন্যান্য মালামাল উদ্ধার করা সম্ভব হয়নি। ঘরের মালিক ও স্থানীয় সূত্রের হিসাবে, অগ্নিকাণ্ডে পরিবারটির আনুমানিক ৯০ হাজার থেকে এক লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। আকস্মিক এ দুর্ঘটনায় পরিবারটি বসতঘরের পাশাপাশি দৈনন্দিন ব্যবহারের প্রয়োজনীয় সামগ্রীও হারিয়েছে।

ঘটনার পর সেনাবাহিনীর বাঘাইহাট জোন অধিনায়ক ক্ষতিগ্রস্ত পরিবারের খোঁজখবর নেন এবং তাদের জরুরি প্রয়োজন বিবেচনায় সহায়তা দেওয়ার নির্দেশনা দেন। এরই ধারাবাহিকতায় পরদিন সেনাবাহিনীর প্রতিনিধিদল পরিবারটির কাছে গিয়ে খাদ্যসামগ্রী, কম্বল ও নগদ অর্থ পৌঁছে দেয়। এতে অগ্নিকাণ্ডের পর তাৎক্ষণিক সংকটে পড়া পরিবারটি কিছুটা হলেও প্রয়োজনীয় সহায়তা পেয়েছে।
পার্বত্য চট্টগ্রামের দুর্গম পাহাড়ি এলাকায় নিরাপত্তা দায়িত্ব পালনের পাশাপাশি দুর্যোগ, দুর্ঘটনা ও বিপদে সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর কার্যক্রম পরিচালনা করে আসছে বাংলাদেশ সেনাবাহিনী। বাঘাইহাট জোনের এ উদ্যোগ দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের তাৎক্ষণিক প্রয়োজন পূরণে সহায়ক হওয়ার পাশাপাশি স্থানীয় জনগণের সঙ্গে সেনাবাহিনীর পারস্পরিক আস্থা, সহযোগিতা ও সম্প্রীতির সম্পর্ক আরও সুদৃঢ় করতে ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।