দেশব্যাপী নাশকতা ও অগ্নিসংযোগের প্রতিবাদে রাবিপ্রবিতে র‍্যালি ও সমাবেশ

দেশব্যাপী নাশকতা ও অগ্নিসংযোগের প্রতিবাদে রাবিপ্রবিতে র‍্যালি ও সমাবেশ

দেশব্যাপী নাশকতা ও অগ্নিসংযোগের প্রতিবাদে রাবিপ্রবিতে র‍্যালি ও সমাবেশ
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

জার্নাল প্রতিবেদক

দেশব্যাপী নাশকতা, অগ্নিসংযোগ ও সহিংস কর্মকাণ্ডের প্রতিবাদে রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রাবিপ্রবি) র‍্যালি ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২২ নভেম্বর) দুপুর সাড়ে ১২টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন-১ এর সামনে এ প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশের আগে প্রশাসনিক ভবন-১ থেকে একটি প্রতিবাদ র‍্যালি বের হয়ে বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরি ও একাডেমিক ভবন প্রদক্ষিণ করে বিজয় স্মৃতিস্তম্ভের সামনে গিয়ে শেষ হয়।

সমাবেশে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মোহাম্মদ জুনাইদ কবির। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর (ভিসি) অধ্যাপক ড. জয়নুল আবেদীন সিদ্দিকী এবং বিশেষ অতিথি ছিলেন প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মো. শফিকুল ইসলাম। এছাড়া সায়েন্স, ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি অনুষদের ডিন ড. তৌহিদুল আলাম, বিভিন্ন বিভাগের চেয়ারম্যান, প্রক্টর, প্রভোস্ট, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী, শিক্ষার্থী ও সাংবাদিকরা অংশগ্রহণ করেন।

প্রধান অতিথির বক্তব্যে ভিসি অধ্যাপক ড. জয়নুল আবেদীন সিদ্দিকী দেশে সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া অনাকাঙ্ক্ষিত ঘটনা, নাশকতা, অগ্নিসন্ত্রাস ও সহিংস কর্মকাণ্ডকে দুর্ভাগ্যজনক উল্লেখ করে বলেন, মানুষে মানুষে হানাহানি, অগ্নিসন্ত্রাস ও নাশকতা কোনোভাবেই দেশের জন্য ইতিবাচক ফল বয়ে আনতে পারে না। এসব কর্মকাণ্ডের বিরুদ্ধে তিনি প্রতিবাদ ও নিন্দা জানান এবং ঘটনার সঙ্গে জড়িত গোষ্ঠীগুলোকে শনাক্ত করে আইনের আওতায় এনে বিচারের ব্যবস্থা করার জন্য রাষ্ট্রের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।

তিনি বলেন, ভবিষ্যতেও এ ধরনের অন্যায্য নাশকতা কিংবা যেকোনো সহিংস ঘটনার বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধভাবে প্রতিবাদ ও প্রতিরোধ গড়ে তুলতে হবে। শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষণ ও শিখন কার্যক্রমের পরিবেশ বজায় রেখে শিক্ষিত, দক্ষ ও মানবিক জনগোষ্ঠী গড়ে তোলার কাজে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। মানবিক সমাজ প্রতিষ্ঠা ও শিক্ষিত জনগোষ্ঠী তৈরির লক্ষ্য নিয়ে দেশ এগিয়ে যাচ্ছে উল্লেখ করে তিনি নিজ নিজ অবস্থান থেকে ভূমিকা রাখার আহ্বান জানান। বাংলাদেশ সবার উল্লেখ করে ঐক্যবদ্ধভাবে দেশের অগ্রগতিতে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি। সমাবেশে অংশগ্রহণকারী শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী, শিক্ষার্থী ও সাংবাদিকদেরও ধন্যবাদ জানান ভিসি।

দেশব্যাপী নাশকতা ও অগ্নিসংযোগের প্রতিবাদে রাবিপ্রবিতে র‍্যালি ও সমাবেশ

বিশেষ অতিথির বক্তব্যে প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মো. শফিকুল ইসলাম বলেন, শান্তিপূর্ণ দেশ গঠনে সমাজের সব শ্রেণি-পেশার মানুষের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। সেই দায়িত্ববোধ থেকেই বিশ্ববিদ্যালয়ের বুদ্ধিবৃত্তিক সমাজের পক্ষ থেকে এ প্রতিবাদ সমাবেশের আয়োজন করা হয়েছে। দেশ পুনর্গঠনের পথে নানা চড়াই-উতরাই পেরিয়ে এগিয়ে যাওয়ার কথা উল্লেখ করে তিনি সাম্প্রতিক সহিংসতা, চোরাগোপ্তা হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেন।

তিনি বলেন, দেশকে রক্ষা করতে দেশি-বিদেশি ষড়যন্ত্র মোকাবিলায় সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে এবং দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে এ ধরনের প্রতিবাদ অব্যাহত রাখতে হবে। সাধারণ মানুষের দৈনন্দিন জীবন ও শিক্ষাপ্রতিষ্ঠানের কার্যক্রম যাতে ব্যাহত না হয়, সে লক্ষ্যে সরকারকে প্রয়োজনীয় প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান তিনি। একই সঙ্গে সহিংসতা ও নাশকতার সুযোগ নিয়ে কেউ যাতে বিপথগামী না হয়, সে বিষয়ে সবাইকে সচেতন থাকার পাশাপাশি অন্যদের সচেতন করারও আহ্বান জানান।

বিশ্ববিদ্যালয়ের শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে পারস্পরিক মতামতকে গুরুত্ব দেওয়া এবং সবার সম্মিলিত প্রচেষ্টার কথা তুলে ধরে তিনি আগামী দিনে সুন্দর, স্বনির্ভর ও অর্থনৈতিকভাবে সমৃদ্ধ দেশ গঠনে শিক্ষিত জনগোষ্ঠীর ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন। দেশে গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখা, শান্তি, সম্প্রীতি ও সুশৃঙ্খল পরিবেশ বজায় রাখার প্রত্যয়ও ব্যক্ত করেন তিনি।

সমাবেশে অন্যান্য বক্তারা বলেন, গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থার বিরুদ্ধে ষড়যন্ত্রের অংশ হিসেবে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে নাশকতামূলক ও সহিংস কর্মকাণ্ড পরিচালিত হচ্ছে বলে তাঁরা মনে করেন। এসব কর্মকাণ্ডের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ ও নিন্দা জানান তাঁরা। বক্তারা বলেন, দেশের নানা উত্থান-পতনের মধ্য দিয়ে মানুষ এখন শান্তি ও স্থিতিশীলতা চায়। শিক্ষার সুষ্ঠু পরিবেশ, গণতন্ত্রের চর্চা ও নাগরিক অধিকার রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।

একটি শান্তিপূর্ণ, সম্প্রীতিময় ও গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠার প্রত্যাশা ব্যক্ত করে বক্তারা নাশকতা ও সহিংসতা পরিহার করে দেশকে সামনের দিকে এগিয়ে নেওয়ার আহ্বান জানান।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *