আরাকান আর্মির হাতে আটক ৪১ জন জেলেকে ফিরিয়ে আনল বিজিবি
![]()
জার্নাল প্রতিবেদক
মিয়ানমারের সশস্ত্র সংগঠন আরাকান আর্মির হাতে আটক ৪১ বাংলাদেশি জেলেকে দেশে ফিরিয়ে এনেছে বিজিবি। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) নাফ নদীর শূন্যরেখা থেকে তাদের গ্রহণ করে টেকনাফ জেটিঘাটে নিয়ে আসে বিজিবির একটি প্রতিনিধিদল।
টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, বিভিন্ন সময়ে বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে অনিচ্ছাকৃতভাবে মিয়ানমারের জলসীমায় প্রবেশ করায় এসব জেলেকে আটক করে আরাকান আর্মি। পরে তাঁদের মিয়ানমারের অভ্যন্তরে সংগঠনটির নিয়ন্ত্রিত এলাকায় অথবা কারাগারে আটকে রাখা হয়। জেলে পরিবারগুলোর দুর্ভোগ বিবেচনায় নিয়ে মানবিক উদ্যোগের অংশ হিসেবে বিজিবি তাঁদের দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া চালিয়ে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার ৪১ জনকে ফেরত আনা হয়।
২ বিজিবির এই অধিনায়ক আরও জানান, দেশে ফিরিয়ে আনা জেলেদের পরিচয় নিশ্চিত করতে স্থানীয় উপজেলা প্রশাসনের প্রতিনিধি ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মাধ্যমে যাচাই-বাছাই চলছে। পরিচয় নিশ্চিত হওয়ার পর তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
বিজিবির তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার ফিরিয়ে আনা ৪১ জনসহ ২০২৬ সালে এ পর্যন্ত আরাকান আর্মির হাতে আটক মোট ৩২৩ জন জেলেকে দেশে ফিরিয়ে আনা হয়েছে। তাদের অধিকাংশই গভীর সমুদ্রে মাছ শিকার শেষে ফেরার পথে আটক হয়েছিলেন। অবশিষ্ট আটক জেলেদের নিরাপদে ফিরিয়ে আনতে বিজিবির প্রচেষ্টা অব্যাহত রয়েছে।
সীমান্ত সুরক্ষার পাশাপাশি দেশের মানুষের জীবন ও সম্পদের নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি দায়িত্বশীল ভূমিকা পালন করছে। মানবিক সংকট মোকাবিলায় পেশাদারত্ব, আন্তরিকতা ও সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে আটক জেলেদের দেশে ফিরিয়ে আনা সম্ভব হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানিয়েছেন টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।