আর্মি সার্ভিস কোরের অধিনায়ক সম্মেলন, তিন প্রতিষ্ঠানের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন সেনাপ্রধানের
![]()
জার্নাল প্রতিবেদক
খুলনার জাহানাবাদ সেনানিবাসে আর্মি সার্ভিস কোরের ৪৫তম বাৎসরিক অধিনায়ক সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। ২৫ ও ২৬ নভেম্বর জাহানাবাদ সেনানিবাসে অবস্থিত আর্মি সার্ভিস কোর সেন্টার অ্যান্ড স্কুলে (এএসসিসিঅ্যান্ডএস) আয়োজিত এ সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।
সম্মেলনে আর্মি সার্ভিস কোরের বিভিন্ন ইউনিটের অধিনায়ক ও অন্যান্য কর্মকর্তাদের উদ্দেশে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন সেনাপ্রধান। এ সময় তিনি মহান মুক্তিযুদ্ধে জীবন উৎসর্গকারী সকল শহিদের প্রতি গভীর শ্রদ্ধা জানান।

বক্তব্যে সেনাপ্রধান বর্তমান বৈশ্বিক সাপ্লাই চেইনের নানা চ্যালেঞ্জ মোকাবিলা করে শান্তিকালীন সময়ে সামরিক সরবরাহ কার্যক্রম সচল রাখার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি ভবিষ্যৎ যুদ্ধক্ষেত্রের চাহিদা ও পরিবর্তিত সামরিক বাস্তবতা বিবেচনায় আর্মি সার্ভিস কোরের আধুনিকায়ন, সক্ষমতা বৃদ্ধি এবং আভিযানিক দক্ষতা আরও উন্নত করার প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন। আধুনিক ও দক্ষ সেনাবাহিনী গঠনে নিজ নিজ কর্মক্ষেত্রে পেশাগত দক্ষতা অর্জন এবং দায়িত্ব পালনে আরও সক্ষমতা বাড়ানোর জন্য উপস্থিত অধিনায়ক ও কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনাও দেন তিনি।
সম্মেলনের পাশাপাশি সেনাবাহিনী প্রধান জাহানাবাদে তিনটি গুরুত্বপূর্ণ উদ্যোগের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। এর মধ্যে রয়েছে সর্বসাধারণের জন্য উন্মুক্ত আর্মি ওয়েলফেয়ার ট্রাস্ট হাসপাতাল জাহানাবাদ এবং মিলিটারি ড্রাইভিং স্কুল জাহানাবাদের উদ্বোধন। এ ছাড়া বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির স্থায়ী ক্যাম্পাসের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন তিনি।

নতুন হাসপাতালটি সাধারণ মানুষের জন্য উন্নত ও মানসম্মত চিকিৎসাসেবা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন সেনাপ্রধান। অন্যদিকে, মিলিটারি ড্রাইভিং স্কুল দক্ষ ও প্রশিক্ষিত চালক তৈরির পাশাপাশি নিরাপদ সড়কব্যবস্থা নিশ্চিত করা এবং সড়ক দুর্ঘটনা কমাতে সহায়ক হবে বলে তিনি উল্লেখ করেন। বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির স্থায়ী ক্যাম্পাস প্রতিষ্ঠার মাধ্যমে আধুনিক ও প্রযুক্তিনির্ভর উচ্চশিক্ষা কার্যক্রম আরও সম্প্রসারিত হবে বলেও আশা প্রকাশ করেন তিনি।
অনুষ্ঠানে বাংলাদেশ মেশিন টুলস ফ্যাক্টরির ব্যবস্থাপনা পরিচালক, আর্মি ট্রেনিং অ্যান্ড ডকট্রিন কমান্ডের ভারপ্রাপ্ত জেনারেল অফিসার কমান্ডিং, সেনাবাহিনীর অ্যাডজুটেন্ট জেনারেল, সেনাকল্যাণ সংস্থার চেয়ারম্যান, ৫৫ পদাতিক ডিভিশনের জেনারেল অফিসার কমান্ডিং ও যশোর এরিয়ার এরিয়া কমান্ডারসহ ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এ ছাড়া আমন্ত্রিত সামরিক ও বেসামরিক অতিথি এবং বিভিন্ন পর্যায়ের সেনাসদস্যরাও সম্মেলনে অংশ নেন।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।