ভারতীয় প্রক্সি বাহিনীর ঘাঁটিতে পাকিস্তান সেনাদের বিশেষ অভিযান, নিহত ১২
![]()
জার্নাল প্রতিবেদক
পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে দেশটির সেনাদের একাধিক গোয়েন্দা তথ্যভিত্তিক অভিযানে ভারতীয় প্রক্সি বাহিনীর ১২ সদস্য নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) পাক সেনাবাহিনীর গণমাধ্যম শাখা আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। খবর জিও নিউজের
বিবৃতিতে বলা হয়, গত ২০ থেকে ২৩ নভেম্বরের মধ্যে বেলুচিস্তানের নুশকি, সিবি, পাঞ্জগুর ও কেচ জেলায় সশস্ত্র সদস্যদের অবস্থান লক্ষ্য করে চালানো হয় এসব অভিযান। নিহতরা ‘ফিতনা আল-হিন্দুস্তান’ গোষ্ঠীর সদস্য বলে দাবি করেছে আইএসপিআর।
আইএসপিআর জানায়, ২০ নভেম্বর নুশকি জেলায় একটি অভিযানে আটজন সন্ত্রাসী নিহত হন। ওই এলাকায় একটি সন্ত্রাসী আস্তানাকে লক্ষ্য করে অভিযান চালানো হয়। তীব্র সংঘর্ষের পর আটজনকে নিষ্ক্রিয় করা হয়। নিহতদের কাছ থেকে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধারের কথাও জানিয়েছে সেনাবাহিনী।
পরদিন ২১ নভেম্বর সিবি জেলায় আরেকটি গোয়েন্দা তথ্যভিত্তিক অভিযান চালায় নিরাপত্তা বাহিনী। এ সময় সশস্ত্র সদস্যদের চলাচল শনাক্ত করে দুইজনকে হত্যা করা হয় বলে বিবৃতিতে উল্লেখ করা হয়েছে। এছাড়া ২২ ও ২৩ নভেম্বর পাঞ্জগুর ও কেচ জেলায় পৃথক দুটি অভিযানে আরও দুইজন নিহত হন। তাদেরও ভারত-সমর্থিত ‘ফিতনা আল-হিন্দুস্তান’ গোষ্ঠীর সদস্য বলে দাবি করেছে আইএসপিআর। বিবৃতিতে পাক সেনাবাহিনী জানিয়েছে, বিদেশি মদদপুষ্ট ও সমর্থিত সন্ত্রাসবাদের হুমকি নির্মূল না হওয়া পর্যন্ত পূর্ণ গতিতে সন্ত্রাসবিরোধী অভিযান অব্যাহত থাকবে।
২০২১ সালে আফগান তালেবান ক্ষমতায় আসার পর থেকে পাকিস্তানে, বিশেষ করে খাইবার পাখতুনখোয়া ও বেলুচিস্তান প্রদেশে সন্ত্রাসী কর্মকাণ্ড বেড়েছে। সেন্টার ফর রিসার্চ অ্যান্ড সিকিউরিটি স্টাডিজের (সিআরএসএস) এক প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৬ সালের দ্বিতীয় প্রান্তিকে পাকিস্তানে সহিংসতার প্রধান কেন্দ্র ছিল খাইবার পাখতুনখোয়া ও বেলুচিস্তান। এর মধ্যে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত অঞ্চল ছিল খাইবার পাখতুনখোয়া।
প্রতিবেদন অনুযায়ী, ওই প্রান্তিকে সহিংসতাসংশ্লিষ্ট মোট প্রাণহানির প্রায় ৯৬ শতাংশই ঘটেছে এই দুই প্রদেশে। মোট নিহতের ৬১ শতাংশের বেশি- ৪৭৫ জন খাইবার পাখতুনখোয়ায় এবং ৩৪ শতাংশ বা ২৬৫ জন বেলুচিস্তানে নিহত হন। সহিংস ঘটনার সংখ্যার দিক থেকেও শীর্ষে ছিল খাইবার পাখতুনখোয়া। সেখানে ১৫১টি ঘটনা ঘটেছে, যা সারা দেশের মোট ঘটনার ৫৭ শতাংশ। অন্যদিকে বেলুচিস্তানে ৯৪টি ঘটনা ঘটেছে, যা মোট ঘটনার ৩৫ শতাংশ।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।