সেন্টমার্টিনে চিংড়ি খাওয়ার পর শ্বাসকষ্ট, হাসপাতালে নেওয়ার পথে পর্যটকের মৃত্যু
![]()
জার্নাল প্রতিবেদক
কক্সবাজারের সেন্টমার্টিন দ্বীপে দুপুরের খাবারে চিংড়ি মাছ খাওয়ার পর শ্বাসকষ্টে আক্রান্ত হয়ে মো. ইব্রাহিম (২২) নামে এক পর্যটকের মৃত্যু হয়েছে। শুক্রবার (২৭ নভেম্বর) বিকেলে উন্নত চিকিৎসার জন্য টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
নিহত ইব্রাহিম নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার মাঝিপাড়া এলাকার বাসিন্দা।
সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ফয়েজুল ইসলাম জানান, শুক্রবার দুপুর আনুমানিক আড়াইটার দিকে সেন্টমার্টিন বাজারের একটি হোটেলে দুপুরের খাবার খাওয়ার সময় চিংড়ি মাছ খান ইব্রাহিম। খাবার গ্রহণের কিছুক্ষণ পর তিনি অস্থিরতা ও শ্বাসকষ্ট অনুভব করতে থাকেন। তাঁর আগে থেকেই অ্যালার্জিজনিত সমস্যা ছিল বলে জানা গেছে।

পরে তাঁকে সেন্টমার্টিন ২০ শয্যাবিশিষ্ট হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসকরা শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করে উন্নত চিকিৎসার জন্য টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানোর পরামর্শ দেন।
এরপর বিকেল ৩টার দিকে স্পিডবোটে তাঁকে টেকনাফে পাঠানো হয়। বিকেল ৪টা ২০ মিনিটে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পৌঁছালে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাঁকে মৃত ঘোষণা করেন।
টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানান, ঘটনাটি খতিয়ে দেখে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।