পেকুয়ায় কামারের দোকানে দেশীয় অস্ত্র, কারিগর আটক
![]()
জার্নাল প্রতিবেদক
কক্সবাজারের পেকুয়ায় কামারের দোকানে মেরামতের জন্য রাখা দেশীয় তৈরি অস্ত্র উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় সনজিত কর্মকার (৪২) নামে এক কামারকে আটক করা হয়েছে।
শুক্রবার (২৭ নভেম্বর) ভোর ৪টার দিকে উপজেলার টইটং ইউনিয়নের হাজী বাজার এলাকার একটি কামারের দোকানে অভিযান চালিয়ে তাঁকে আটক করা হয়। এ সময় দোকান থেকে দেশীয় তৈরি একটি এলজি উদ্ধার করে পুলিশ।
আটক সনজিত কর্মকার চট্টগ্রামের বাঁশখালী উপজেলার চাম্বল ইউনিয়নের পূর্ব চাম্বল কর্মকারপাড়া এলাকার মৃত গগন কর্মকারের ছেলে। বর্তমানে তিনি বাঁশখালী উপজেলার পুঁইছড়ি ইউনিয়নের বহদ্দারহাট এলাকায় বসবাস করেন।
পেকুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মেহেদী হাসান জানান, শুক্রবার ভোররাতে টইটং ইউনিয়নের হাজী বাজার এলাকায় একটি কামারের দোকানে পরিত্যক্ত অবস্থায় থাকা অস্ত্র মেরামতের খবর পায় পুলিশ। খবরের ভিত্তিতে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছালে সন্দেহভাজন দোকানি পালানোর চেষ্টা করেন। পরে ধাওয়া করে তাঁকে আটক করা হয়।
এ সময় দোকানে মেরামতের জন্য রাখা দেশীয় তৈরি একটি এলজি উদ্ধার করা হয়েছে। আটক ব্যক্তির বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে বলে জানান ওসি।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।