যশোরে প্রায় ১০কেজি স্বর্ণসহ আটক ২, নিহত ১ - Southeast Asia Journal

যশোরে প্রায় ১০কেজি স্বর্ণসহ আটক ২, নিহত ১

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

যশোরের শার্শা উপজেলায় স্বর্ণ পাচারকালে ‘পুলিশের ধাওয়ায় পালাতে গিয়ে’ এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার (১ সেপ্টেম্বর) দিবাগত রাত ২টার দিকে উপজেলার জামতলার পাঁচপুকুর নামক এলাকায় এই ঘটনা ঘটে। এ সময় ৩০টি স্বর্ণের বারসহ দুই জনকে আটক করেছে পুলিশ।

নিহতের পরিচয় জানা যায়নি। লাশ ময়নাতদন্তের জন্য যশোর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন নাভারন সার্কেলের এএসপি জুয়েল ইমরান।

আটককৃতরা হলো—কুমিল্লার হোমনা উপজেলার আবুল সরকারের ছেলে রবিন (৩৫) ও দাউদকানদি উপজেলার সাজাদিয়া এলাকার কবির হোসেনের ছেলে আবুল কাশেম (৩৫)।

এএসপি জুয়েল ইমরান জানান, গোপন খবরে নাভারন-সাতক্ষীরা সড়কের জামতলা এলাকার পাঁচপুকুর নামক স্থানে অভিযান চালায় যশোর ডিবি ও শার্শা থানার টহলদলের পুলিশ সদস্যরা। সীমান্ত পথে প্রাইভেটকারে ভারতে স্বর্ণ পাচারকালে রবিন ও আবুল কাশেমকে আটক করা হয়। এ সময় রবিনের শরীরে ও গাড়ির মধ্যে কৌশলে লুকিয়ে রাখা ৩০টি স্বর্ণের বার পাওয়া যায়। এগুলোর ওজন ৯ কেজি ৭৫৯ গ্রাম, মূল্য আনুমানিক সাড়ে সাত কোটি টাকা। স্বর্ণসহ পাচারকারীদের শার্শা থানায় সোপর্দ করা হবে।

তিনি আরও জানান, পুলিশের ধাওয়ায় পালাতে গিয়ে গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা লেগে এক পাচারকারী মারা গেছেন। তার নাম জানা যায়নি। লাশ যশোর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।