রোহিঙ্গা ক্যাম্পে এপিবিএন-আরসার গোলাগুলি, রোহিঙ্গা নারীসহ নিহত ২
![]()
নিউজ ডেস্ক
কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সঙ্গে গোলাগুলিতে মিয়ানমারের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মি (আরসা) এক সদস্য এবং এক রোহিঙ্গা নারী নিহত হয়েছেন।
শুক্রবার (১৪ এপ্রিল) দুপুরে উখিয়ার ১৮ নম্বর ক্যাম্পের মসজিদের পাশে পাহাড়ের পাদদেশে এই গোলাগুলির ঘটনা ঘটে।
সূত্র জানায়, গোলাগুলির এক পর্যায়ে আরসা সদস্যদের গুলিতে নূর হাবা (৫০) নামে এক পথচারী রোহিঙ্গা নারী ও পুলিশের গুলিতে আরসা সদস্য মো. হাসিম (৩২) নিহত হন। আহত হন পুলিশের দুই সদস্য।
এ ঘটনায় অস্ত্রসহ একজনকে আটক করা হয়েছে বলে জানিয়েছেন রোহিঙ্গা ক্যাম্পের দায়িত্বে থাকা ৮-আর্মড পুলিশ ব্যাটালিয়নের সহকারী পুলিশ সুপার (মিডিয়া) মো.ফারুক আহমেদ।
তিনি জানান, পরে পুলিশ সাধারণ রোহিঙ্গা ও নিজেদের জীবন বাঁচাতে সন্ত্রাসীদের লক্ষ্য করে পাল্টা গুলি ছোড়ে। এক পর্যায়ে সন্ত্রাসীরা গুলি করতে করতে পালাতে থাকে। পালানোর সময় সাদেক (৩১) নামে আরসা সদস্য এক রোহিঙ্গাকে অস্ত্রসহ আটক করা হয়। এ ঘটনায় পুলিশের দুই সদস্য আহত হয়।
তিনি আরও জানান, দুপুরে ১৮ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের ১৭ নম্বর ব্লকে মসজিদের পাশে পাহাড়ের পাদদেশে আরসা সন্ত্রাসী লালুর নেতৃত্বে ২০-২৫ জন সন্ত্রাসীর অবস্থান করছে- এমন খবরের ভিত্তিতে এলাকাটি ঘিরে ফেলেন এপিবিএন সদস্যরা। এ সময় অভিযান পরিচালনা করলে পুলিশের উপস্থিতি টের পেয়ে এলোপাতাড়ি গুলি ছোড়ে আরসার সন্ত্রাসীরা। তাদের গুলিতে নূর হাবা নামে এক রোহিঙ্গা নারী নিহত হন। তিনি ওই ক্যাম্পের নুরুল ইসলামের স্ত্রী।
এপিবিএনের এই কর্মকর্তা আরও জানান, পরে সন্ত্রাসীরা চলে গেলে ঘটনাস্থলে আরসার শীর্ষ সন্ত্রাসী হাসিমের গুলিবিদ্ধ মৃতদেহ পাওয়া যায়। নিহত আরসা সন্ত্রাসী হাসিম রোহিঙ্গা ক্যাম্পে সংঘটিত বিভিন্ন হত্যাকাণ্ড, মাদক ব্যবসা, অপহরণ ও চাঁদাবাজিসহ নানা অপরাধের সাথে জড়িত ছিল।