নেত্রকোণায় অবৈধ ভাবে আনা বিপুল পরিমাণ ভারতীয় চিনি জব্দ
![]()
নিউজ ডেস্ক
নেত্রকোণার কলমাকান্দা উপজেলার সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে ৩ হাজার ৬৪ বস্তা ভারতীয় চিনি জব্দ করেছে টাস্কফোর্স। এসব চিনির আনুমানিক মূল্য দুই কোটি ২০ লাখ টাকা বলে জানিয়েছে তারা। গতকাল বুধবার সকাল থেকে রাত পর্যন্ত অভিযান চালিয়ে এসব চিনি জব্দ করা হয়।
আজ বৃহস্পতিবার সকালে কলমাকান্দা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শহীদুল ইসলাম এই নিশ্চিত করেছেন। এই অভিযানে উপজেলা প্রশাসন, বিজিবি ও পুলিশের যৌথ টাস্কফোর্স অংশ নেয় বলে জানান তিনি।
টাস্কফোর্সের প্রধান সমন্বয়কের দায়িত্ব পালন করা শহীদুল ইসলাম বলেন, বুধবার সকাল থেকে দিনব্যাপী টাস্কফোর্স চোরাচালান বিরোধী অভিযান চালিয়ে রাত সাড়ে ১১টার সময় পর্যন্ত এসব চিনি জব্দ করা হয়। অভিযানে কলমাকান্দার লেংগুরা, খারনৈ ইউনিয়ন সীমান্তের চেংগ্নী, বৌ বাজার, বলমাঠ, কুড়াখালি, কচুগড়া নামক এলাকা থেকে এই চিনি জব্দ করা হয়। এসব জব্দ করা মালামাল নেত্রকোণা কাস্টমস অফিসে জমা করা হবে।
শহীদুল ইসলাম বলেন, কলমাকান্দার সীমান্ত এলাকার নিকটবর্তী বাড়ি ও দোকানে বিদেশি পণ্যের অবৈধ মজুদ ও বিক্রয় বন্ধের লক্ষ্যে উপজেলা প্রশাসন, বিজিবি ও পুলিশের যৌথ টাস্কফোর্স অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ৩ হাজার ৬৪ বস্তা ভারতীয় চিনি জব্দ করা হয়। এর আনুমানিক মূল্য দুই কোটি ২০ লাখ টাকা।