ভারতের লালকেল্লা এলাকায় জঙ্গি হামলার আশঙ্কা, উচ্চ সতর্কতায় দিল্লি
![]()
নিউজ ডেস্ক
জঙ্গি হামলার সম্ভাব্য হুমকির গোয়েন্দা তথ্যের পর ভারতের রাজধানী দিল্লিতে সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে। ঐতিহাসিক লাল কেল্লা-সংলগ্ন এলাকা ও জনাকীর্ণ চাঁদনি চককে সম্ভাব্য টার্গেট হিসেবে চিহ্নিত করা হয়েছে বলে জানা গেছে।
গোয়েন্দা সূত্রের দাবি, পাকিস্তানভিত্তিক জঙ্গি সংগঠন লস্কর-ই-তয়্যবা (এলইটি) লালকেল্লা ও চাঁদনি চক এলাকার গুরুত্বপূর্ণ ধর্মীয় স্থাপনাগুলোকে নজরদারিতে রেখেছে। সংগঠনটি ইমপ্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) হামলার পরিকল্পনা করতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
সূত্রগুলো বলছে, ৬ ফেব্রুয়ারি পাকিস্তানের ইসলামাবাদে একটি মসজিদে বিস্ফোরণের ঘটনার প্রতিশোধ নিতে এলইটি ভারতে বড় ধরনের হামলার ছক কষতে পারে। দেশের বিভিন্ন প্রান্তের গুরুত্বপূর্ণ ও অধিক জনসমাগমপূর্ণ মন্দিরগুলোও সম্ভাব্য লক্ষ্যবস্তু হতে পারে বলে সতর্ক করা হয়েছে।
এ পরিস্থিতিতে পুরান দিল্লির সংবেদনশীল এলাকাগুলোতে, বিশেষ করে ধর্মীয় স্থাপনা ও ব্যস্ত বাজারকেন্দ্রগুলোতে নিরাপত্তা জোরদার করা হয়েছে। লালকেল্লা ও আশপাশের এলাকায় নজরদারি বৃদ্ধি এবং অতিরিক্ত টহল জোরদার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
উল্লেখ্য, ২০২৫ সালের ১০ নভেম্বর লালকেল্লা মেট্রো স্টেশনের ১ নম্বর গেটের কাছে বিস্ফোরকবোঝাই একটি গাড়িতে ভয়াবহ বিস্ফোরণে ১২ জন নিহত হন। ওই ঘটনায় আশপাশের কয়েকটি গাড়িতে আগুন ধরে যায় এবং এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
এ ঘটনার তদন্তে গঠিত মামলায় জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনআইএ)-র বিশেষ আদালত ১৩ ফেব্রুয়ারি তদন্ত শেষ করতে আরও ৪৫ দিন সময় বাড়িয়েছে। আদালতটি পাতিয়ালা হাউজ কোর্ট প্রাঙ্গণে অবস্থিত।
কর্তৃপক্ষ জনগণকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে বলেছে, যেকোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে প্রয়োজনীয় সব ধরনের প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।