রাঙামাটিতে মিনি স্টেডিয়াম নির্মানে কেলেঙ্কারি: তদন্তের আশ্বাস পার্বত্যমন্ত্রীর
![]()
নিউজ ডেস্ক
রাঙামাটি সদর উপজেলায় মিনি স্টেডিয়াম নির্মাণের নামে অনিয়ম ও বিপুল অর্থ লোপাটের অভিযোগ উঠেছে। এ ঘটনায় তদন্তের আশ্বাস দিয়েছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান।
গত বুধবার রাঙামাটি জেলা পরিষদ সম্মেলন কক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় এ বিষয়ে তার দৃষ্টি আকর্ষণ করা হলে মন্ত্রী বলেন, স্টেডিয়াম উন্নয়ন বা নির্মাণের নামে কোনো ধরনের অর্থ লোপাট মেনে নেওয়া যাবে না। তিনি ঘটনাটিকে অত্যন্ত দুঃখজনক ও নিন্দনীয় বলে মন্তব্য করেন।
মন্ত্রী স্পষ্ট করে বলেন, দুর্নীতির প্রশ্নে সরকারের অবস্থান একেবারেই পরিষ্কার—“জিরো টলারেন্স”। তিনি জানান, বিষয়টি নিয়ে ক্রীড়া মন্ত্রীর সঙ্গে আলোচনা করে দ্রুত তদন্তের ব্যবস্থা নেওয়া হবে।
তদন্তে যদি অনিয়ম বা দুর্নীতির প্রমাণ পাওয়া যায়, তবে সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
তিনি আরও বলেন, ক্রীড়াঙ্গনে কোনো ধরনের অনিয়ম বা দুর্নীতি বরদাশত করা হবে না। বছরজুড়ে ক্রীড়াঙ্গনকে সক্রিয় রাখতে সরকার প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করবে।
খেলাধুলার পরিবেশ সচল ও প্রাণবন্ত রাখা সরকারের অঙ্গীকার বলেও উল্লেখ করেন তিনি। ক্রীড়াঙ্গনের স্থবিরতা কোনোভাবেই মেনে নেওয়া হবে না বলে জানান মন্ত্রী।
মন্ত্রী আশ্বস্ত করে বলেন, ভবিষ্যতে সকল উন্নয়ন কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা হবে।
সভায় উপস্থিত সাংবাদিকরা অভিযোগ করেন, ২০১৭ সালে রাঙামাটি সদর উপজেলায় একটি মিনি স্টেডিয়াম নির্মাণের নামে অনিয়ম ও অর্থ লোপাটের ঘটনা ঘটে। অভিযোগ অনুযায়ী, তৎকালীন জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক এবং একজন সহ-সভাপতি সরাসরি এই অনিয়মের সঙ্গে জড়িত ছিলেন।
সংশ্লিষ্ট দপ্তরে একাধিকবার অভিযোগ জানানো হলেও দীর্ঘ সময় পার হয়ে গেলেও এ বিষয়ে দৃশ্যমান কোনো অগ্রগতি হয়নি বলে দাবি করেন সাংবাদিকরা।
তাদের অভিযোগ, স্টেডিয়ামটি আদৌ কোথায় নির্মাণ করা হয়েছে, প্রকল্পের ব্যয় কত ছিল এবং বাস্তবে কী কাজ সম্পন্ন হয়েছে—এসব বিষয়ে এখনো স্পষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি।
এ বিষয়ে মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি বলেন, তদন্তের মাধ্যমে প্রকৃত তথ্য উদঘাটন করা হবে এবং দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।