জুরাছড়িতে এনসিপির আহ্বায়কসহ ৮৭ নেতাকর্মীর গণপদত্যাগ
![]()
নিউজ ডেস্ক
রাঙামাটির জুরাছড়ি উপজেলায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)’র উপজেলা কমিটির আহ্বায়কসহ ৮৭ জন নেতাকর্মী একযোগে গণপদত্যাগ করেছেন।
সোমবার বিকেলে এক বিশেষ সভার মাধ্যমে উপজেলা আহ্বায়ক কমিটির সদস্যরা এ সিদ্ধান্ত নেন। পরে তাদের পদত্যাগপত্র রাঙামাটি জেলা কমিটির কাছে পাঠানো হয়েছে বলে জানা গেছে।
বিষয়টি নিশ্চিত করেছেন রাঙামাটি জেলা কমিটির সদস্য ও জুরাছড়ি উপজেলা কমিটির আহ্বায়ক অসিম চাকমা।
উপজেলা কমিটির যুগ্ম আহ্বায়ক দেবাশীষ চাকমা জানান, গত ১ জানুয়ারি রাঙামাটি জেলা কমিটি জুরাছড়ি উপজেলা কমিটিকে ছয় মাসের জন্য অনুমোদন দেয়। তবে সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতির প্রেক্ষাপটে তারা সম্মিলিতভাবে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন।
তিনি বলেন, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)’র মূলধারা ও জুলাই গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষাকে ধারণ করে নতুন রাজনৈতিক বন্দোবস্ত এবং নতুন বাংলাদেশ গড়ার প্রত্যাশা নিয়ে তারা দলে যোগ দিয়েছিলেন। কিন্তু ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সেই চেতনাকে উপেক্ষা করে বড় রাজনৈতিক দলের সঙ্গে জোট করার মাধ্যমে এনসিপি তার স্বকীয়তা ও আদর্শ থেকে সরে এসেছে।
এ কারণে দলটির বর্তমান রাজনৈতিক অবস্থানের সঙ্গে নিজেদের আদর্শিক অবস্থান মিলছে না উল্লেখ করে তারা সকল সাংগঠনিক কার্যক্রম থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন।
পদত্যাগী নেতা অসিম চাকমা বলেন, “এই পরিস্থিতিতে আমাদের পক্ষে সেই আদর্শকে লালন করা আর সম্ভব হচ্ছে না। তাই আমরা জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) রাঙামাটি জেলা আহ্বায়ক কমিটির সদস্য ও জুরাছড়ি উপজেলা আহ্বায়কসহ সব সাংগঠনিক পদ থেকে পদত্যাগ করছি।”
একই সঙ্গে জুরাছড়ি উপজেলা আহ্বায়ক কমিটির ছয় মাসের জন্য অনুমোদিত সব সদস্যও সম্মিলিতভাবে পদত্যাগ করেছেন বলে জানান সংশ্লিষ্ট নেতারা।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।