বাঘাইছড়ির মারিশ্যায় বিজিবির অভিযানে ইয়াবাসহ আটক ১
![]()
নিউজ ডেস্ক
রাঙামাটি পার্বত্য জেলার বাঘাইছড়ি উপজেলার মারিশ্যা এলাকায় অভিযান চালিয়ে ১৪ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
গতকাল শুক্রবার (২৭ মার্চ ২০২৬) রাত আনুমানিক ১১টা ৩০ মিনিটে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়।
বিজিবি সূত্রে জানা যায়, ইয়াবা ব্যবসার উদ্দেশ্যে অবস্থান করছিলেন মো. নুর কবির (৩২)। তিনি বাঘাইছড়ি উপজেলার পশ্চিম মুসলিম ব্লক এলাকার বাসিন্দা।
মারিশ্যা ব্যাটালিয়ন (২৭ বিজিবি) অধিনায়কের নির্দেশনায় নায়েক সুবেদার মো. কামাল হোসেনের নেতৃত্বে একটি টহল দল অভিযান চালিয়ে মুসলিম ব্লক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পার্শ্ববর্তী এলাকা থেকে তাকে আটক করে। এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলেও তাকে ধাওয়া করে আটক করা হয়।

তল্লাশিকালে তার পরিহিত লুঙ্গির গিটের মধ্যে পলিথিনে মোড়ানো অবস্থায় ১৪ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পাশাপাশি একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন (রেডমি নোট-৯), একটি বাটন ফোন, একটি চার্জার ও একটি পাওয়ার ব্যাংক জব্দ করা হয়। জব্দকৃত মালামালের আনুমানিক মূল্য ২২ হাজার ৫০০ টাকা।
আটককৃত আসামিকে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বাঘাইছড়ি থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে বিজিবি।
মারিশ্যা ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জাহিদুল ইসলাম জাহিদ বলেন, সীমান্ত এলাকায় চোরাচালান ও মাদকবিরোধী অভিযান জোরদার করা হয়েছে। মাদকমুক্ত সমাজ গড়তে বিজিবির এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।