এপেক্স বাংলাদেশের ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হলেন বান্দরবানের নুরুল আমিন চৌধুরী আরমান
![]()
নিউজ ডেস্ক
আন্তর্জাতিক সেবামূলক সংগঠন এপেক্স বাংলাদেশ-এর ৫০তম জাতীয় কনভেনশন গত ২৭ মার্চ খুলনায় অনুষ্ঠিত হয়েছে। নগরীর সিটি ইন লিমিটেড-এ দিনব্যাপী আয়োজিত এ কনভেনশনে নতুন নেতৃত্ব নির্বাচনসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়।
কনভেনশনে সারাদেশ থেকে আগত ডেলিগেটদের প্রত্যক্ষ ভোটে জাতীয় সহ-সভাপতি (ন্যাশনাল ভাইস প্রেসিডেন্ট) হিসেবে নির্বাচিত হয়েছেন এপেক্সিয়ান নুরুল আমিন চৌধুরী আরমান। তার নির্বাচনের মাধ্যমে সংগঠনের ভবিষ্যৎ কার্যক্রমে নতুন গতি আসবে বলে আশা প্রকাশ করেন সংশ্লিষ্টরা।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা-৬ আসনের সংসদ সদস্য মাওলানা আবুল কালাম আজাদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শেখ জাহাঙ্গীর হোসেন হেলাল এবং খুলনা-৪ আসনের সংসদ সদস্য আব্দুল আলিম।
এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এপেক্স বাংলাদেশের জাতীয় সভাপতি অ্যাডভোকেট মনিরুল ইসলাম পান্না, জাতীয় সহ-সভাপতি নাসিম আহমেদ। ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য দেন এপেক্স ইন্ডিয়া-এর জাতীয় সভাপতি সুভির চক্রবর্তী।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সাবেক জাতীয় সভাপতি লাইফ গভর্নর ও সাবেক এপেক্স গ্লোবাল চেয়ারম্যান আসলাম হোসেন, সাবেক জাতীয় সভাপতি ভূবন লাল ভারতী, কনভেনশন কমিটির চেয়ারম্যান ডা. হিমেল সাহা, জেলা-৩ গভর্নর সৈয়দ মিয়া হাসান এবং জেলা-৭ গভর্নর কুতুব উদ্দিন আলোসহ কেন্দ্রীয় ও জেলা পর্যায়ের নেতৃবৃন্দ।
কনভেনশনে সংগঠনের বিগত কার্যক্রম পর্যালোচনা, ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নির্ধারণ এবং সমাজসেবামূলক কার্যক্রম আরও বেগবান করার লক্ষ্যে বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ করা হয়। পাশাপাশি সদস্যদের মধ্যে পারস্পরিক সম্পর্ক উন্নয়ন ও অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ সৃষ্টি হয়।
বক্তারা বলেন, সমাজসেবামূলক কার্যক্রম সম্প্রসারণ এবং তরুণদের সম্পৃক্ততার মাধ্যমে সংগঠনকে আরও গতিশীল করতে হবে। নবনির্বাচিত সহ-সভাপতির নেতৃত্বে এপেক্স বাংলাদেশের কার্যক্রম আরও বিস্তৃত হবে বলেও তারা আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠান শেষে বছরের সার্বিক কার্যক্রমের ভিত্তিতে বিভিন্ন পর্যায়ে পুরস্কার প্রদান করা হয়। এতে জেলা-৩ এর গভর্নর সৈয়দ মিয়া হাসান ‘বেস্ট ডিস্ট্রিক্ট গভর্নর’, ন্যাশনাল এক্সিকিউটিভ সেক্রেটারি মো. লিয়াকত আলী ‘বেস্ট এপেক্সিয়ান’, এপেক্স ক্লাব অব পটিয়া-এর প্রেসিডেন্ট মো. আলমগীর আলম ‘বেস্ট ক্লাব প্রেসিডেন্ট’ এবং একই ক্লাবকে ‘বেস্ট ক্লাব’ ঘোষণা করা হয়। এছাড়া এপেক্স ক্লাব অব বান্দরবান-কে ‘বেস্ট সার্ভিস ক্লাব’ হিসেবে স্বীকৃতি দেওয়া হয়।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।