কক্সবাজারে হামে আক্রান্ত হয়ে আরও এক শিশুর মৃত্যু, ভর্তি ৩৮

কক্সবাজারে হামে আক্রান্ত হয়ে আরও এক শিশুর মৃত্যু, ভর্তি ৩৮

কক্সবাজারে হামে আক্রান্ত হয়ে আরও এক শিশুর মৃত্যু, ভর্তি ৩৮
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

কক্সবাজারে আবারও হামে আক্রান্ত হয়ে এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (১ এপ্রিল) সকালে কক্সবাজার সদর হাসপাতালের ডেডিকেটেড হাম ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় শিশুটি মারা যায়। এ নিয়ে জেলায় হামে আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ২ জনে।

কক্সবাজার সদর হাসপাতালের শিশু স্বাস্থ্য বিভাগের সহকারী রেজিস্ট্রার ডা. শহিদুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

মৃত শিশুটির নাম হিরা মনি। বয়স ৭ মাস। সে মহেশখালী উপজেলার বাসিন্দা সরওয়ার আলমের কন্যা। তাকে গত ৩০ মার্চ কক্সবাজার সদর হাসপাতালের হাম ওয়ার্ডে ভর্তি করা হয়েছিল।

ডা. শহিদুল আলম জানান, শিশুটি হামের পাশাপাশি নিউমোনিয়া ও মুখে ঘা নিয়ে ভর্তি ছিল। খেতে না পারায় তাকে নলের মাধ্যমে খাবার দেওয়া হচ্ছিল। পরে অবস্থার অবনতি হলে চিকিৎসকরা চেষ্টা করেও তাকে বাঁচাতে পারেননি।

এর আগে একই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও একটি শিশুর মৃত্যু হয়।

হাসপাতাল সূত্রে জানা গেছে, বর্তমানে কক্সবাজারে হামের প্রকোপ আশঙ্কাজনকভাবে বাড়ছে। সদর হাসপাতালের হাম ওয়ার্ডে বুধবার পর্যন্ত ভর্তি রয়েছে ৩৫ জন শিশু। এছাড়া কক্সবাজার জেনারেল হাসপাতালে আরও ৩ জন শিশু চিকিৎসাধীন রয়েছে। ফলে বর্তমানে জেলায় মোট ভর্তি শিশুর সংখ্যা ৩৮ জন।

কক্সবাজারের ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা. মহিউদ্দীন মোহাম্মদ আলমগীর বলেন, জেলায় সাম্প্রতিক সময়ে হামের সংক্রমণ বেশি দেখা দিচ্ছে। মহেশখালী, হোয়াইক্যং, রামুর মিঠাছড়ি, শহরের কালুর দোকান, পাহাড়তলি ও রুমালিয়ারছড়া এলাকায় আক্রান্তের সংখ্যা তুলনামূলক বেশি।

তিনি আরও জানান, হামের টিকা ৯ মাস ও ১৫ মাস বয়সে দুই দফায় দেওয়া হয় এবং জেলায় টিকার পর্যাপ্ত মজুদ রয়েছে। পাশাপাশি ঘরে ঘরে সচেতনতামূলক কার্যক্রমও চালানো হচ্ছে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।