বিঝু উৎসবে সেনাবাহিনীর সহায়তা, দীঘিনালায় উৎসবের আমেজে বাড়তি প্রাণ
![]()
নিউজ ডেস্ক
খাগড়াছড়ি পার্বত্য জেলার দীঘিনালা উপজেলায় পার্বত্য অঞ্চলের অন্যতম প্রধান সামাজিক উৎসব বিঝু উদযাপন উপলক্ষে স্থানীয় আয়োজক কমিটির মাঝে আর্থিক সহায়তা প্রদান করেছে বাংলাদেশ সেনাবাহিনী।
রবিবার (৫ এপ্রিল ২০২৬) দীঘিনালা জোন সদরে আয়োজিত এক অনুষ্ঠানে জোন অধিনায়ক লেঃ কর্নেল মো. আল আমিন আনুষ্ঠানিকভাবে কমিটির প্রতিনিধিদের হাতে এই সহায়তা তুলে দেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জোনের উপ-অধিনায়ক মেজর শিহাবুন সাকিব রুশাদ, অ্যাডজুটেন্ট ক্যাপ্টেন আব্দুল্লা আল আজমী, মাস্টার ওয়ারেন্ট অফিসার মো. জয়নুল আবেদিন এবং কবাখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নলেজ চাকমা জ্ঞান।
অনুষ্ঠানে জোন অধিনায়ক বলেন, বিঝু শুধু একটি উৎসব নয়, এটি পার্বত্য অঞ্চলের বহুমাত্রিক সংস্কৃতি, ঐতিহ্য ও সামাজিক সম্প্রীতির প্রতীক।

তিনি উল্লেখ করেন, এ ধরনের সহায়তা স্থানীয় জনগণের মধ্যে পারস্পরিক সম্পর্ক ও সামাজিক বন্ধনকে আরও সুদৃঢ় করে এবং উৎসবকে প্রাণবন্ত করে তোলে।
সহায়তা পাওয়া আয়োজক কমিটির এক প্রতিনিধি সেনাবাহিনীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, এই সহযোগিতা বিঝু উৎসবের আয়োজনকে আরও ব্যাপক ও সফল করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

স্থানীয়দের মতে, পার্বত্য অঞ্চলের ঐতিহ্যবাহী উৎসবগুলোকে ঘিরে সেনাবাহিনীর এ ধরনের অংশগ্রহণ শুধু আর্থিক সহায়তার মধ্যেই সীমাবদ্ধ নয়, বরং এটি সামাজিক সম্প্রীতি, সহাবস্থান ও সাংস্কৃতিক বিকাশে ইতিবাচক প্রভাব ফেলে।
সংশ্লিষ্টরা মনে করছেন, বিঝুর মতো গুরুত্বপূর্ণ উৎসবকে ঘিরে এ ধরনের সহযোগিতা পার্বত্য অঞ্চলে শান্তি, সম্প্রীতি ও পারস্পরিক আস্থার পরিবেশকে আরও শক্তিশালী করবে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।