বান্দরবানে নবাগত জেলা প্রশাসকের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়, উন্নয়ন ও সম্প্রীতির ওপর জোর
![]()
নিউজ ডেস্ক
বান্দরবানে নবাগত জেলা প্রশাসক মো. সানিউল ফেরদৌস-এর সঙ্গে জেলার সাংবাদিকদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৫ এপ্রিল) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এ সভায় প্রশাসন ও গণমাধ্যমের পারস্পরিক সহযোগিতা জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়।
সভায় জেলা প্রশাসক বলেন, উন্নয়নমূলক কর্মকাণ্ড এগিয়ে নিতে প্রশাসন ও গণমাধ্যমের মধ্যে সুসম্পর্ক অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি উল্লেখ করেন, গণমাধ্যম সমাজের দর্পণ হিসেবে কাজ করে এবং সঠিক তথ্য তুলে ধরার মাধ্যমে উন্নয়ন কার্যক্রমকে গতিশীল করতে সহায়ক ভূমিকা পালন করে।
তিনি আরও বলেন, বান্দরবান একটি বৈচিত্র্যময় ও সম্ভাবনাময় জেলা, যেখানে বিভিন্ন জাতিগোষ্ঠীর মানুষ দীর্ঘদিন ধরে সম্প্রীতির সঙ্গে বসবাস করছে। এই বৈচিত্র্যই জেলার সবচেয়ে বড় শক্তি। তিনি আশা প্রকাশ করেন, প্রশাসন, গণমাধ্যম এবং সাধারণ মানুষের সম্মিলিত প্রচেষ্টায় বান্দরবানকে আরও উন্নত ও সমৃদ্ধ করা সম্ভব হবে।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক এসএম মঞ্জুরুল হক, অতিরিক্ত জেলা প্রশাসক আবু তাহেল, বান্দরবান প্রেসক্লাবের সভাপতি আমিনুল ইসলাম বাচ্চু এবং সাধারণ সম্পাদক এন এ জাকিরসহ জেলায় কর্মরত বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা।
সভায় সাংবাদিকরা জেলার বিভিন্ন সমস্যা, সম্ভাবনা এবং উন্নয়ন কর্মকাণ্ডে গণমাধ্যমের দায়িত্বশীল ভূমিকা নিয়ে তাদের মতামত তুলে ধরেন। পাশাপাশি তথ্যপ্রবাহ সহজ করা, স্বচ্ছতা নিশ্চিত করা এবং জনস্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলোতে প্রশাসনের সক্রিয় সহযোগিতা কামনা করেন।
সংশ্লিষ্টরা মনে করছেন, এ ধরনের মতবিনিময় সভা প্রশাসন ও গণমাধ্যমের মধ্যে আস্থা ও সমন্বয় বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে, যা জেলার সামগ্রিক উন্নয়ন ও সুশাসন নিশ্চিত করতে সহায়ক হবে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।