বিএসএফের গুলিতে বাংলাদেশী যুবক আহত, ভারতীয় নাগরিককে তুলে আনার অভিযোগ
বাঁয়ে গুলিবিদ্ধ বাংলাদেশী নাগরিক মিজানুর রহমান ও ভারতীয় নাগরিক সহদেব | ছবি: বণিক বার্তা
![]()
নিউজ ডেস্ক
লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে বিএসএফের গুলিতে এক বাংলাদেশী যুবক আহত হয়েছেন। এ ঘটনার পর উত্তেজিত গ্রামবাসীর বিরুদ্ধে এক ভারতীয় নাগরিককে ধরে নিয়ে আসার অভিযোগ উঠেছে।
সোমবার (৬ এপ্রিল) সকাল ৯টা ৪৫ মিনিটের দিকে পাটগ্রাম উপজেলার ধবলসূতী সীমান্তে এ ঘটনা ঘটে। এতে সীমান্তজুড়ে উত্তেজনা ও থমথমে পরিস্থিতি তৈরি হয়েছে।
আহত যুবকের নাম মো. মিজানুর রহমান (২৩)। তিনি ধবলসূতী রহমতপুর গাটিয়ারভিটা এলাকার মো. মফিজ উদ্দিনের ছেলে।
স্থানীয় সূত্র জানায়, মিজানুর রহমান সকালবেলা ভুট্টা ক্ষেতের পাশে ঘাস কাটতে যান। এ সময় ভারতীয় কোচবিহারের ৯৮ নম্বর বিএসএফ ব্যাটালিয়নের গোমতী ক্যাম্পের একটি টহল দল তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে তিনি আহত হন। গুলির শব্দ শুনে স্থানীয় লোকজন গিয়ে তাকে উদ্ধার করে উন্নত চিকিৎসার জন্য রংপুরে পাঠান।
এ ঘটনার পরপরই উত্তেজিত কিছু স্থানীয় মানুষ ভারতীয় কোচবিহার জেলার কুচলীবাড়ী থানার ফুলকাডাবরী এলাকার কৃষক সহদেব বর্মণ (৪০) নামে এক ব্যক্তিকে ধরে নিয়ে আসে বলে অভিযোগ পাওয়া গেছে।
ঘটনার পর দুই দেশের সীমান্ত এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি সামাল দিতে বিজিবির পক্ষ থেকে বিএসএফকে কড়া প্রতিবাদ জানিয়ে চিঠি পাঠানো হয়েছে। একইভাবে বিএসএফও প্রতিবাদ জানিয়েছে।
লালমনিরহাট তিস্তা (৬১ বিজিবি) ব্যাটালিয়নের ধবলসূতী ক্যাম্পের কমান্ডার মো. বাদশা মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, বিস্তারিত জানতে ব্যাটালিয়নের পরিচালকের সঙ্গে যোগাযোগ করতে হবে।
বিজিবির ব্যাটালিয়ন পরিচালক লেঃ কর্নেল সৈয়দ ফজলে মুনীম জানান, বিএসএফের সঙ্গে কথা হয়েছে। পতাকা বৈঠক হওয়ার কথা রয়েছে। তিনি নিজেও ঘটনাস্থলে যাচ্ছেন। এ বিষয়ে পরে বিস্তারিত জানানো হবে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।