দীঘিনালায় সেনাবাহিনীর অভিযানে তেল পাচার রোধ, ভ্রাম্যমাণ আদালতে জরিমানা
![]()
নিউজ ডেস্ক
খাগড়াছড়ি পার্বত্য জেলার দীঘিনালা উপজেলায় সেনাবাহিনীর তাৎক্ষণিক অভিযানে ফিলিং স্টেশন থেকে অবৈধভাবে জ্বালানি তেল পাচারের চেষ্টা নস্যাৎ করা হয়েছে। শনিবার (১১ এপ্রিল) রাত আনুমানিক ৮টা ৩০ মিনিটে সেনাবাহিনীর দীঘিনালা জোনের সদস্যরা এ অভিযান পরিচালনা করেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, উপজেলার পলাশ ফিলিং স্টেশন থেকে বেশি দামে বিক্রির উদ্দেশ্যে অবৈধভাবে অকটেন পাচার করা হচ্ছিল। গোপন তথ্যের ভিত্তিতে সেনাবাহিনীর দীঘিনালা জোন দ্রুত অভিযান চালিয়ে পাচারের সময় ৯০ লিটার অকটেন জব্দ করতে সক্ষম হয়।
অভিযানের পর দীঘিনালা উপজেলা নির্বাহী কর্মকর্তা তানজিল পারভেজের নেতৃত্বে ঘটনাস্থলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
এ সময় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪৫ ধারায় ফিলিং স্টেশনের মালিক পরিমল নাথ এবং তেল বহনকারী রাজন কর্মকারকে পৃথকভাবে ৫ হাজার টাকা করে মোট ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযান সংশ্লিষ্টরা জানান, সীমান্তবর্তী এলাকায় জ্বালানি তেলের অবৈধ মজুত ও পাচার রোধে সেনাবাহিনী নিয়মিত নজরদারি ও অভিযান পরিচালনা করছে। বিশেষ করে পাহাড়ি দুর্গম অঞ্চলে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অবৈধ বাণিজ্য বন্ধে সেনাবাহিনীর সক্রিয় ভূমিকা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
প্রসঙ্গত, সাম্প্রতিক সময়ে জ্বালানি তেল পাচার ও কালোবাজারি রোধে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সেনাবাহিনীর সমন্বিত তৎপরতা জোরদার করা হয়েছে। নিয়মিত অভিযান অব্যাহত থাকলে এ ধরনের অবৈধ কার্যক্রম অনেকাংশে নিয়ন্ত্রণে আসবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।