কাপ্তাই হ্রদে সাঁতার কাটতে নেমে কিশোর নিখোঁজ, উদ্ধার অভিযানে ডুবুরি দল
![]()
নিউজ ডেস্ক
রাঙামাটিতে বেড়াতে এসে কাপ্তাই হ্রদে সাঁতার কাটতে নেমে পানিতে ডুবে এক কিশোর নিখোঁজ হওয়ার ঘটনা ঘটেছে। শনিবার দুপুরে সদর উপজেলার বালুখালী ইউনিয়নের কাইন্দ্যারমুখ এলাকার জারুলছড়ি সংলগ্ন হ্রদে এ দুর্ঘটনা ঘটে।
নিখোঁজ কিশোরের নাম নবজিৎ চাকমা (১৭)। তিনি খাগড়াছড়ি জেলার তেঁতুলতলা এলাকার বাসিন্দা এবং প্রদীপ চৌধুরীর ছেলে বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, নবজিৎ চাকমা তার এক বন্ধুকে নিয়ে একটি বিয়ের অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য রাঙামাটিতে এসেছিলেন। শনিবার দুপুরে তারা কাইন্দ্যারমুখ এলাকার জারুলছড়ি অংশে কাপ্তাই হ্রদে সাঁতার কাটতে নামেন। একপর্যায়ে নবজিৎ পানিতে তলিয়ে গেলে তাকে আর খুঁজে পাওয়া যায়নি।
বালুখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অমর কুমার চাকমা জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে বিষয়টি উপজেলা প্রশাসন ও ফায়ার সার্ভিসকে অবহিত করা হয়। এরপর উদ্ধার তৎপরতা শুরু করা হয়।
ঘটনার পরপরই ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স-এর ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। তবে প্রতিকূল পরিস্থিতির কারণে অভিযান পরিচালনায় চ্যালেঞ্জের মুখে পড়তে হচ্ছে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।
রাঙামাটি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক (ভারপ্রাপ্ত) নিউটন দাস বলেন, সংবাদ পাওয়ার পরপরই ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম শুরু করেছে। তবে আগের দিনের ভারী বৃষ্টিপাতের কারণে হ্রদের পানি ঘোলা হয়ে গেছে এবং স্রোতও বেড়েছে। ফলে নিখোঁজ কিশোরকে খুঁজে বের করতে কিছুটা বেগ পেতে হচ্ছে।
সর্বশেষ প্রাপ্ত তথ্যে জানা গেছে, ফায়ার সার্ভিসের ডুবুরি দল হ্রদের নির্দিষ্ট এলাকায় তল্লাশি চালিয়ে যাচ্ছে। নিখোঁজ কিশোরের সন্ধানে উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।