বিজু উৎসব উপলক্ষে বাঘাইছড়িতে বিজিবির সহায়তা, ৮০ পরিবার পেল পোশাক ও খাদ্যসামগ্রী
![]()
নিউজ ডেস্ক
রাঙামাটি পার্বত্য জেলার বাঘাইছড়ি উপজেলায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ঐতিহ্যবাহী বিজু উৎসব উপলক্ষে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর উদ্যোগে মানবিক সহায়তা কার্যক্রম পরিচালনা করা হয়েছে।
শনিবার (১২ এপ্রিল ২০২৬) শান্তি, সম্প্রীতি ও উন্নয়ন কর্মসূচির আওতায় মারিশ্যা জোন (২৭ বিজিবি) এ কর্মসূচি বাস্তবায়ন করে।
বিজিবি সূত্রে জানা যায়, মারিশ্যা জোনের জোন অধিনায়ক লেঃ কর্নেল জাহিদুল ইসলাম জাহিদ’র নেতৃত্বে বাঘাইছড়ি উপজেলার তুলাবন বনবিহার, জীপতলী বনবিহার, জীবঙ্গাছড়া বনবিহার এবং মধ্যম বাঘাইছড়ি বৌদ্ধ বিহার পরিদর্শন করা হয়।

পরিদর্শনকালে তিনি বৌদ্ধ ধর্মাবলম্বী স্থানীয় জনগণের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাদের সঙ্গে উৎসবের আনন্দ ভাগাভাগি করেন।
পরবর্তীতে মারিশ্যা জোনের পক্ষ থেকে এলাকার মোট ৮০টি পরিবারের মাঝে পোশাক ও খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।

এ সময় জোন অধিনায়ক বলেন, “বিজিবি সীমান্তের অতন্দ্র প্রহরী”—এই মূলমন্ত্রে দীক্ষিত হয়ে বাহিনীটি সীমান্ত রক্ষার পাশাপাশি বিভিন্ন জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে এবং ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে।
তিনি আরও বলেন, “পাহাড়ী-বাঙ্গালী আমরা সবাই বাংলাদেশী”—এই চেতনা ধারণ করে ধর্ম, বর্ণ ও গোত্র নির্বিশেষে সকল ধর্মীয় উৎসব একসঙ্গে উদযাপন করা দেশের সামাজিক ও সাংস্কৃতিক ঐতিহ্যের অংশ। পারস্পরিক সম্প্রীতি ও সহাবস্থানের মাধ্যমে একটি শক্তিশালী ও ঐক্যবদ্ধ জাতি গঠন সম্ভব, যা দেশের সার্বিক উন্নয়নে সহায়ক হবে।

এ সময় মারিশ্যা জোনের উপ-অধিনায়ক মেজর এম শাহিনুর রহমানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, পার্বত্য অঞ্চলে শান্তি, সম্প্রীতি ও উন্নয়ন নিশ্চিত করতে বিজিবির এমন সামাজিক ও মানবিক কার্যক্রম স্থানীয় জনগণের মাঝে ইতিবাচক প্রভাব ফেলছে এবং পারস্পরিক আস্থা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।