ফুল বিসর্জনে বান্দরবানে শুরু বিজু-সাংগ্রাই উৎসব, পাহাড়জুড়ে বর্ণিল আয়োজন

ফুল বিসর্জনে বান্দরবানে শুরু বিজু-সাংগ্রাই উৎসব, পাহাড়জুড়ে বর্ণিল আয়োজন

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

পুরাতন বছরকে বিদায় এবং নতুন বছরকে স্বাগত জানাতে পার্বত্য জেলা বান্দরবানে শুরু হয়েছে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী চাকমা ও তঞ্চঙ্গ্যা সম্প্রদায়ের অন্যতম বৃহৎ সামাজিক ও সাংস্কৃতিক উৎসব। রবিবার (১২ এপ্রিল ২০২৬) সকালে সাংগু নদীতে ফুল বিসর্জনের মধ্য দিয়ে উৎসবের আনুষ্ঠানিক সূচনা হয়।

সকালে চাকমা ও তঞ্চঙ্গ্যা সম্প্রদায়ের তরুণ-তরুণীরা সাংগু নদীর তীরে জড়ো হয়ে পানিতে ফুল বিসর্জন দেন। বিভিন্ন পাড়া ও গ্রামের যুবক-যুবতীরা দলবদ্ধভাবে অংশ নিয়ে এই আচার পালন করেন, যার মাধ্যমে তারা পুরাতন বছরের সকল গ্লানি ও দুঃখ দূর করে নতুন বছরকে বরণ করেন।

এ সময় শিশু থেকে শুরু করে কিশোর-কিশোরী, নারী-পুরুষ সবাই নতুন পোশাক পরে নদীর তীরে উপস্থিত হন। তারা ফুল হাতে নিয়ে জল দেবতার উদ্দেশ্যে প্রার্থনা করেন এবং অতীতের ভুলত্রুটির জন্য ক্ষমা প্রার্থনা করে আগামীর সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন।

বান্দরবান পার্বত্য জেলায় বাঙালিদের পাশাপাশি ১১টি ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর বসবাস রয়েছে, যা দেশের অন্য কোনো জেলায় দেখা যায় না। বিভিন্ন জাতিসত্তার বৈচিত্র্যময় সংস্কৃতি ও জীবনধারার সম্মিলনে এ উৎসব পাহাড়ে এক অনন্য মাত্রা যোগ করেছে।

ফুল বিসর্জনে বান্দরবানে শুরু বিজু-সাংগ্রাই উৎসব, পাহাড়জুড়ে বর্ণিল আয়োজন

ভোর থেকেই বিভিন্ন বয়সী মানুষ নিজস্ব ঐতিহ্যবাহী পোশাক পরে ফুল হাতে সাংগু নদীর তীরে ভিড় করেন। পরে তারা গঙ্গাদেবীর উদ্দেশ্যে ফুল নিবেদন করেন এবং পারিবারিক ও সামষ্টিক কল্যাণ কামনায় প্রার্থনা করেন।

এদিকে পুরাতন বছরকে বিদায় ও নতুন বছরকে বরণ উপলক্ষে পার্বত্য অঞ্চলের বিভিন্ন সম্প্রদায়ের উদ্যোগে নানা আয়োজন চলছে। ১২ এপ্রিল বিকেলে রোয়াংছড়ি উপজেলার বেক্ষ্যং নিম্নমাধ্যমিক বিদ্যালয় মাঠে তঞ্চঙ্গ্যা সম্প্রদায়ের ঐতিহ্যবাহী ‘ঘিলা খেলা’ গোল্ডকাপ টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে। এছাড়া ১৩ এপ্রিল বান্দরবানে সাংগ্রাই র‌্যালি, ১৪ এপ্রিল বুদ্ধমূর্তি স্নান, এবং ১৫ ও ১৬ এপ্রিল মৈত্রী পানি বর্ষণসহ মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে পুরো পার্বত্য জেলা উৎসবমুখর হয়ে উঠবে।

প্রসঙ্গত, পার্বত্য চট্টগ্রামে প্রতিবছর এ সময় বিভিন্ন ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ঐতিহ্যবাহী উৎসবগুলো পারস্পরিক সম্প্রীতি ও সাংস্কৃতিক বৈচিত্র্যের অনন্য দৃষ্টান্ত হিসেবে উদযাপিত হয়ে থাকে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *