মাটিরাঙ্গায় ২৪ ঘণ্টায় বিশেষ অভিযান, সাজা ও পরোয়ানাভুক্ত আসামিসহ গ্রেপ্তার ১০
![]()
জার্নাল প্রতিবেদক
খাগড়াছড়ির মাটিরাঙ্গায় গত ২৪ ঘণ্টায় বিশেষ অভিযান চালিয়ে সাজাপ্রাপ্ত ও গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামিসহ ১০ জনকে গ্রেপ্তার করেছে মাটিরাঙ্গা থানা পুলিশ ও উপজেলা প্রশাসন। একই সময়ে মাদকবিরোধী অভিযানে ইয়াবাসহ একজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং দুজনকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে।
রোববার (২৩ আগস্ট) বিকেল থেকে সোমবার (২৪ আগস্ট) বিকেল পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় এসব অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, বিশেষ অভিযানে গ্রেপ্তার সাতজনের বিরুদ্ধে আদালতের গ্রেপ্তারি পরোয়ানা ছিল। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—করাইল্যাছড়ির মৃত আবদুল কাদেরের ছেলে জসিম উদ্দিন, আচালংয়ের মোনাফ মিয়ার ছেলে মনির হোসেন, তানক্কাপাড়ার মৃত নুরুল ইসলামের ছেলে ইব্রাহিম খলীল, পশ্চিম গড়গড়িয়ার আব্দুল খালেকের ছেলে মনির হোসেন, বড়বিল মহিলা মাদ্রাসা পাড়ার মহিউদ্দিনের স্ত্রী নুরের নেছা লাকী এবং ডিপি পাড়ার আতুস মারমার ছেলে অংসাই অং মারমা।
পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার ইব্রাহিম খলীলের বিরুদ্ধে দুটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে।
অন্যদিকে মাদকবিরোধী যৌথ অভিযানের অংশ হিসেবে মাটিরাঙ্গা উপজেলা প্রশাসনের পরিচালিত ভ্রাম্যমাণ আদালতও অভিযান চালায়।
অভিযানে পৌরসভার আদর্শগ্রাম মধ্যপাড়া (ফরিদ ডিলারের বাড়ি) এলাকার মৃত রঙ্গ মিয়ার ছেলে হাফেজ আহম্মেদকে ১১৭ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়। তাঁর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানা গেছে।
এ ছাড়া মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর আওতায় পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে শান্তিপুর স্কুলপাড়ার মৃত মহরম আলীর ছেলে মো. রিয়াদ হোসেন এবং মৃত খলিলুর রহমানের ছেলে মো. আল আমিনকে অর্থদণ্ডের পাশাপাশি বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
মাটিরাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাহেদ উদ্দিন অভিযানের বিষয়টি নিশ্চিত করে বলেন, মাদক ও অপরাধ নিয়ন্ত্রণে পুলিশ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের যৌথ অভিযান জোরদার করা হয়েছে।
তিনি বলেন, জনস্বার্থে মাদক ও অপরাধবিরোধী এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।