রাঙামাটির বাঘাইছড়িতে স্বজাতির ৬ যুবককে অপহরণের অভিযোগ ইউপিডিএফ সন্ত্রাসীদের বিরুদ্ধে
![]()
নিউজ ডেস্ক
রাঙামাটি পার্বত্য জেলার বাঘাইছড়িতে প্রসীত বিকাশ খীসার নেতৃত্বাধীন পাহাড়ের উপজাতিভিত্তিক আঞ্চলিক সশস্ত্র সংগঠন ইউপিডিএফ সন্ত্রাসীদের বিরুদ্ধে স্বজাতির ছয়জন নিরীহ পাহাড়ি যুবককে অপহরণের অভিযোগ উঠেছে। গতকাল রবিবার (১৯ এপ্রিল) রাত আনুমানিক ৯টার দিকে দীঘিনালা-বাঘাইছড়ি সড়কের অজলচুগ আমতলা এলাকায় এ ঘটনা ঘটে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
অভিযোগ অনুযায়ী, ব্যক্তিগত কাজ শেষে বাঘাইহাট এলাকা থেকে ফেরার পথে দুইজন মোটরসাইকেল চালকসহ মোট ছয়জন জুম্ম যুবককে অস্ত্রের মুখে অপহরণ করা হয়। অপহৃতরা হলেন—আশাপ্রিয় চাকমা (২৯), পিন্টু চাকমা (২৬), কালায়ে চাকমা (৩১), সুমন চাকমা (২৩), কুশল চাকমা ওরফে রকেট (৩৫) এবং অপর এক অজ্ঞাত যুবক। তাদের সবার বাড়ি বাঘাইছড়ি উপজেলার উগলছড়ি ও কজইছড়ি এলাকায়।
তবে, একটি দায়িত্বশীল সূত্র এদের মধ্যে সুমন চাকমা ও কালায়ে চাকমার অপহরণে বিষয়টি নিশ্চিত করলেও অপর চারজনের বিষয়ে নিশ্চিত করে কিছু জানাতে পারে নি।
স্থানীয়দের অভিযোগ, ইউপিডিএফ সন্ত্রাসী বিকাশ চাকমা, বিডু চাকমা ও অজল চাকমার নেতৃত্বে এ অপহরণের ঘটনা সংঘটিত হয়েছে।
অপহৃতদের মধ্যে পিন্টু চাকমা ও কালায়ে চাকমা পেশাদার মোটরসাইকেল চালক এবং কুশল চাকমা (রকেট) সংগঠনটির সাবেক কর্মী বলে জানা গেছে। অন্যরা কোনো রাজনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত নন বলে দাবি করা হয়েছে।
সর্বশেষ প্রাপ্ত তথ্যে জানা যায়, অপহৃতদের পরিবারের সদস্যদের আজ (২০ এপ্রিল) দুপুর ২টার মধ্যে নির্দিষ্ট স্থানে উপস্থিত হওয়ার জন্য ইউপিডিএফ সন্ত্রাসীদের পক্ষ হতে নির্দেশনা দেওয়া হয়েছে বলে অভিযোগ রয়েছে।
এ বিষয়ে ইউপিডিএফের একাধিক নেতার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও কোনো বক্তব্য পাওয়া যায়নি।
বাঘাইছড়ি থানার অফিসার ইনচার্জ নাছির উদ্দিন জানান, বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে দেখেছেন, তবে এখনো থানায় কেউ লিখিত অভিযোগ দেননি। পুলিশ বিষয়টি যাচাই করতে ছায়া তদন্ত শুরু করেছে বলেও তিনি উল্লেখ করেন।
প্রসঙ্গত, পার্বত্য অঞ্চলে অপহরণ ও সশস্ত্র তৎপরতার অভিযোগ নতুন নয়; ফলে স্থানীয়দের মধ্যে এ ধরনের ঘটনায় উদ্বেগ ও আতঙ্ক বিরাজ করছে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।