পাহাড়ের সংরক্ষিত নারী আসনে বিএনপির হয়ে সংসদে যাচ্ছেন এ্যাড. মাধবী মারমা
![]()
নিউজ ডেস্ক
ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের জন্য ৩৬ জন প্রার্থীকে মনোনয়ন দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। এর মধ্যে পার্বত্য অঞ্চলের প্রতিনিধিত্বকারী হিসেবে বান্দরবান জেলা পরিষদের সদস্য এ্যাডভোকেট মাধবী মারমা মনোনয়ন পেয়েছেন, যা পাহাড়ি জনগোষ্ঠীর রাজনৈতিক প্রতিনিধিত্বে নতুন মাত্রা যোগ করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
সোমবার (২০ এপ্রিল) দুপুরে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী মনোনীতদের নাম ঘোষণা করেন।
তিনি জানান, সংরক্ষিত নারী আসনের জন্য জাতীয় কমিটির সদস্যরা দুই দিনব্যাপী সাক্ষাৎকার গ্রহণের পর মনোনয়ন বোর্ড ৩৬ জনকে চূড়ান্তভাবে মনোনীত করেছে।
মনোনয়নপ্রাপ্তদের তালিকায় আরও রয়েছেন—সেলিমা রহমান, শিরিন সুলতানা, রাশেদা বেগম হিরা, রেহানা আক্তার রানু, নেওয়াজ হালিমা আর্লি, মোছাম্মত ফরিদা ইয়াসমিন, বিলকিস ইসলাম, শাকিলা ফারজানা, হেলেন জেরিন খান, নিলুফার চৌধুরী মনি, নিপুণ রায় চৌধুরী, জেবা আমিন খান, মাহমুদা হাবিবা, সাবিরা সুলতানা, সানসিলা জেবরিন, সানজিদা ইসলাম তুলি, সুলতানা আহমেদ, ফাহমিদা হক, আন্না মিঞ্জ, সুবর্ণা শিকদার, শামীম আরা বেগম স্বপ্না, শাম্মী আক্তার, ফেরদৌসী আহমেদ, বিথীকা বিনতে হুসাইন, সুরাইয়া জেরিন, মানছুরা আক্তার, জহরত আদিব চৌধুরী, মমতাজ আলম, ফাহিমা নাসরিন, আরিফা সুলতানা, সানজিদা ইয়াসমিন, শওকত আর আক্তার, সেলিনা সুলতানা ও রেজেকা সুলতানা।
এর আগে গত শুক্রবার ও শনিবার রাজধানীর গুলশানে দলীয় চেয়ারপারসনের কার্যালয়ে মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার গ্রহণ করা হয়। মনোনয়ন বোর্ডের সভাপতিত্ব করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এ্যাডভোকেট মাধবী মারমার মনোনয়ন পার্বত্য অঞ্চলের ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর নারীদের রাজনৈতিক অংশগ্রহণে ইতিবাচক বার্তা বহন করছে এবং জাতীয় সংসদে তাদের কণ্ঠস্বর আরও জোরালো করতে ভূমিকা রাখবে।
প্রসঙ্গত, সংরক্ষিত নারী আসনে মনোনয়ন প্রক্রিয়ার মাধ্যমে বিভিন্ন শ্রেণি-পেশার নারীদের রাজনীতিতে সম্পৃক্ত করার চেষ্টা করছে রাজনৈতিক দলগুলো, যা দেশের গণতান্ত্রিক কাঠামোকে আরও অন্তর্ভুক্তিমূলক করে তুলছে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।