খাগড়াছড়িতে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন শুরু, ৭৯ হাজারের বেশি শিশুকে টিকার আওতায় আনার লক্ষ্য

খাগড়াছড়িতে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন শুরু, ৭৯ হাজারের বেশি শিশুকে টিকার আওতায় আনার লক্ষ্য

খাগড়াছড়িতে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন শুরু, ৭৯ হাজারের বেশি শিশুকে টিকার আওতায় আনার লক্ষ্য
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

সারা দেশের ন্যায় খাগড়াছড়িতেও একযোগে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন শুরু হয়েছে। সোমবার সকালে খাগড়াছড়ি নতুন কুড়ি ক্যান্টনমেন্ট হাই স্কুলে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে এ কর্মসূচির আনুষ্ঠানিক সূচনা করা হয়।

উদ্বোধন করেন খাগড়াছড়ি জেলা অতিরিক্ত জেলা প্রশাসক রুমানা আক্তার। অনুষ্ঠানে স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা, আইনশৃঙ্খলা বাহিনীর প্রতিনিধি এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

এসময় খাগড়াছড়ি সিভিল সার্জন মো. ছাবের জানান, শিশুদের হাম ও রুবেলা রোগ থেকে সুরক্ষিত রাখতে ৬ মাস থেকে ৫ বছরের কম বয়সী শিশুদের জন্য এই টিকাদান কার্যক্রম হাতে নেওয়া হয়েছে। তিনি বলেন, ২০ এপ্রিল থেকে শুরু হয়ে আগামী ১০ মে পর্যন্ত মোট ১১ দিনব্যাপী এ ক্যাম্পেইন চলবে।

স্বাস্থ্য বিভাগ জানায়, জেলায় ৯টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ স্থায়ী টিকাদান কেন্দ্র এবং কমিউনিটি কেন্দ্র মিলিয়ে মোট ১ হাজার ৫১৯টি কেন্দ্রে ৭৯ হাজার ৪৩২ জন শিশুকে বিনামূল্যে এমআর (মিজলস-রুবেলা) টিকা প্রদান করা হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন খাগড়াছড়ির সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা মেমং মারমা, অতিরিক্ত পুলিশ সুপার মো. জুবায়েদ, পরিবার পরিকল্পনা উপপরিচালক ফারুক আবদুল্লাহ, বিশ্ব স্বাস্থ্য সংস্থা প্রতিনিধি ডা. উৎপল চাকমা এবং খাগড়াছড়ি পৌরসভার মেডিকেল অফিসার ডা. আব্দুস সালামসহ সংশ্লিষ্টরা।

স্বাস্থ্য কর্মকর্তারা জানান, হাম ও রুবেলা অত্যন্ত সংক্রামক রোগ হওয়ায় প্রতিটি শিশুকে টিকার আওতায় আনা জরুরি। এজন্য অভিভাবকদের নিকটস্থ টিকাদান কেন্দ্রে শিশুদের নিয়ে আসার আহ্বান জানানো হয়েছে।

প্রসঙ্গত, সরকারের লক্ষ্য ২০২৮ সালের মধ্যে দেশ থেকে হাম ও রুবেলা নির্মূল করা, আর সেই লক্ষ্য অর্জনে এ ধরনের গণটিকাদান কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *