হবিগঞ্জে ২ কোটি টাকার ভারতীয় নিষিদ্ধ ঔষধ ও ফুচকা জব্দ করল বিজিবি
![]()
নিউজ ডেস্ক
সীমান্ত নিরাপত্তা জোরদার ও চোরাচালান প্রতিরোধ অভিযানের অংশ হিসেবে হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) প্রায় ২ কোটি টাকার আমদানি নিষিদ্ধ ভারতীয় ঔষধ ও ফুচকা জব্দ করেছে।
মঙ্গলবার দুপুরে মাধবপুর উপজেলার মুক্তিযোদ্ধা চত্বর এলাকায় পরিচালিত এক বিশেষ অভিযানে বর্ডার গার্ড বাংলাদেশ সদস্যরা এসব পণ্য উদ্ধার করেন।
বিজিবির এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, অভিযানের সময় একটি সন্দেহভাজন ট্রাক থামিয়ে তল্লাশি চালানো হয়। এ সময় ট্রাকটিতে বহনকৃত ইটের নিচে সুকৌশলে লুকিয়ে রাখা বিপুল পরিমাণ ভারতীয় বিভিন্ন ধরনের আমদানি নিষিদ্ধ ঔষধ ও ফুচকা উদ্ধার করা হয়।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, পাচারের উদ্দেশ্যে আনা এসব পণ্য তাৎক্ষণিকভাবে জব্দ করা হয়েছে। জব্দকৃত অবৈধ মালামাল সংশ্লিষ্ট কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে।
৫৫ বিজিবির অধিনায়ক লেঃ কর্নেল তানজিলুর রহমান জানান, সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম আরও জোরদার করা হবে। পাশাপাশি সীমান্তবর্তী জনসাধারণকে চোরাচালান প্রতিরোধে সচেতন ও সহযোগিতা করার আহ্বান জানান তিনি।
প্রসঙ্গত, সীমান্ত এলাকায় নিয়মিত অভিযান ও নজরদারি বৃদ্ধির মাধ্যমে অবৈধ পণ্য পাচার রোধে বিজিবির চলমান কার্যক্রম উল্লেখযোগ্য ভূমিকা রাখছে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।