রিসোর্ট নির্মান ঘিরে জমি দখলের অভিযোগে বান্দরবানে মানববন্ধন, হামলা-অগ্নিসংযোগ মামলায় গ্রেফতার ১

রিসোর্ট নির্মান ঘিরে জমি দখলের অভিযোগে বান্দরবানে মানববন্ধন, হামলা-অগ্নিসংযোগ মামলায় গ্রেফতার ১

রিসোর্ট নির্মান ঘিরে জমি দখলের অভিযোগে বান্দরবানে মানববন্ধন, হামলা-অগ্নিসংযোগ মামলায় গ্রেফতার ১
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

বান্দরবান পার্বত্য জেলার লামা উপজেলার মিরিঞ্জাভ্যালী ও ফাঁসিয়াখালী ইউনিয়নের বাগানপাড়া এলাকাকে ঘিরে “জঙ্গল বিলাস” রিসোর্টকে কেন্দ্র করে জমি দখলের অভিযোগ, মানববন্ধন এবং হামলা-অগ্নিসংযোগের ঘটনায় নতুন করে উত্তেজনা সৃষ্টি হয়েছে। একদিকে স্থানীয় বাসিন্দাদের জমি ও কবরস্থান দখলের অভিযোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে, অন্যদিকে রিসোর্টে হামলা, অগ্নিসংযোগ ও চাঁদাবাজির অভিযোগে সম্প্রতি প্রধান আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।

আজ বুধবার (২২ এপ্রিল) সকালে বান্দরবান প্রেসক্লাবের সামনে মিরিঞ্জা বাগানপাড়া গ্রামবাসীর উদ্যোগে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, লামা উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের বাগানপাড়া এলাকায় “জঙ্গল বিলাস রিসোর্ট” নির্মাণের নামে কয়েক বছর ধরে স্থানীয়দের জমি, পাহাড়ি বন, বাগানবাড়ি এবং কবরস্থানের জায়গা দখলের চেষ্টা চলছে।

তারা দাবি করেন, ভুয়া দলিলপত্রের মাধ্যমে সরল ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর লোকজনের কাছ থেকে জমি হাতিয়ে নেওয়া হচ্ছে এবং বুলডোজার দিয়ে পাহাড় কেটে পরিবেশ ধ্বংস করে রিসোর্ট নির্মাণ করা হচ্ছে।

মানববন্ধনে বক্তারা আরও অভিযোগ করেন, এসব কর্মকাণ্ডের প্রতিবাদ করলে সংশ্লিষ্টদের ভয়ভীতি দেখানো হচ্ছে এবং মিথ্যা মামলায় হয়রানি করা হচ্ছে। তারা দ্রুত রিসোর্ট নির্মাণ কার্যক্রম বন্ধ, কবরস্থানের পবিত্রতা রক্ষা, সঠিক ভূমি জরিপ এবং স্থানীয়দের নিরাপত্তা নিশ্চিতের দাবি জানান।

মানববন্ধনে বক্তব্য রাখেন মানবাধিকার কর্মী জন ত্রিপুরা, পার্বত্য স্টুডেন্ট কাউন্সিলের কেন্দ্রীয় কমিটির সভাপতি তনয়া ত্রিপুরা, পাহাড়ি ছাত্র পরিষদের বান্দরবান সদর শাখার সভাপতি উবাথুই এবং মিরিঞ্জা বাগানপাড়ার বাসিন্দা রাইচিং ত্রিপুরা।

এসময় স্থানীয় বাসিন্দা, শিক্ষার্থী ও বিভিন্ন সামাজিক সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

রিসোর্ট নির্মান ঘিরে জমি দখলের অভিযোগে বান্দরবানে মানববন্ধন, হামলা-অগ্নিসংযোগ মামলায় গ্রেফতার ১
অনিক ত্রিপুরাকে সম্প্রতি আটক করে পুলিশ

এদিকে, একই রিসোর্টকে ঘিরে পৃথক এক ঘটনায় হামলা, অগ্নিসংযোগ ও চাঁদাবাজির অভিযোগে প্রধান আসামি অনিক ত্রিপুরাকে চলতি মাসের ১৩ এপ্রিল গ্রেফতার করেছে লামা থানা পুলিশ। ভুক্তভোগী মোঃ আমিরুল ইসলাম এ ঘটনায় সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে একটি ফৌজদারী অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগে উল্লেখ করা হয়, গত ১০ মার্চ একদল সন্ত্রাসী রিসোর্টে গিয়ে ১০ লাখ টাকা চাঁদা দাবি করে এবং তা না দিলে ক্ষতির হুমকি দেয়। পরবর্তীতে ২৩ মার্চ সকালে অনিক ত্রিপুরার নেতৃত্বে কয়েকজন দেশীয় অস্ত্র ও পেট্রোল নিয়ে রিসোর্টে হামলা চালায়। এসময় রিসোর্টের বিভিন্ন স্থাপনা, স্টোররুম ও ইলেকট্রনিক সামগ্রীতে অগ্নিসংযোগ করা হয় এবং নগদ ৯২ হাজার ৫০০ টাকা লুট করা হয় বলে অভিযোগে বলা হয়েছে। এতে কয়েক লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেন রিসোর্ট কর্তৃপক্ষ।

ঘটনার পর পুনরায় চাঁদা দাবি করে প্রাণনাশের হুমকি দেওয়া হয় বলেও অভিযোগ করা হয়েছে। প্রাথমিকভাবে থানায় অভিযোগ জানানো হলেও মামলা গ্রহণে বিলম্ব হওয়ায় আদালতের শরণাপন্ন হন ভুক্তভোগী।

তবে স্থানীয়দের একটি অংশের অভিযোগ এবং রিসোর্ট কর্তৃপক্ষের দেওয়া অভিযোগ—দুই পক্ষের বক্তব্যে ভিন্নতা থাকায় ঘটনাটি নিয়ে এলাকায় বিভ্রান্তি ও উত্তেজনা বিরাজ করছে। বিষয়টি নিয়ে প্রশাসনের নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন সচেতন মহল।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed