পাহাড়ি ফল-ফসলের উৎপাদন ও বাজারজাতে সহযোগিতার আশ্বাস মন্ত্রনালয়ের, রপ্তানির প্রস্তাব মাধবী মারমার
![]()
নিউজ ডেস্ক
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের পক্ষ থেকে পাহাড়ের ফল ও ফসলের উৎপাদন ও বাজারজাত সহজীকরণে সরকারি উদ্যোগ ও সহযোগিতার আশ্বাস দেয়া হয়েছে।
আজ শনিবার (২৭ জুন) সকালে ঢাকায় পাহাড়ি ফল মেলার উদ্বোধনী অনুষ্ঠানে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ মিজানুর রহমান বলেছেন, পাহাড়ে উৎপাদিত পণ্য পরিবহন ও বাজারজাতকরণে আমরা কিছু উদ্যোগ গ্রহণ করেছি। পার্বত্য প্রতিমন্ত্রী এ বিষয়ে আমাদেরকে নির্দেশনা দিয়েছেন।

তিনি আরো বলেন, বর্তমান সরকারের নির্বাচনী এজেন্ডা ও উন্নয়ন পরিকল্পনার সাথে মিল রেখে এর একটি কাঠামো বাস্তবায়নে আমরা উদ্যোগ গ্রহণ করবো। পার্বত্য অঞ্চলে উৎপাদিত ফল ও ফসল উৎপাদনের কৃতিত্ব মূলত এই অঞ্চলের কৃষকদের। এই অঞ্চলে কৃষির উৎপাদন জাতীয় অর্থনীতির প্রবৃদ্ধিতে অবদান রাখছে।
তিনি তাঁর বক্তব্যে পাহাড়ি কৃষি উৎপাদনের সাথে সংশ্লিষ্ট সকল কৃষক ভাইবোনকে অভিনন্দন জানান। একই সাথে কৃষি সম্প্রসারণ বিভাগের কর্মকর্তাদের অভিনন্দন ও ধন্যবাদ জানিয়ে বলেছেন, পাহাড়ে বৈচিত্রময় ফল ফসলাদি উৎপাদনে তাদের বিশেষ অবদান রয়েছে।

এদিকে, সরকারের পক্ষ থেকে বা পার্বত্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে পাহাড়ি ফল দেশের বাইরে রপ্তানি করার উদ্যোগ গ্রহণের জন্য প্রস্তাব জানিয়েছেন সংরক্ষিত নারী আসনের এমপি এ্যাডভোকেট মাধবী মারমা।
তিনি বলেন, পাহাড়ি যে ফল আছে, সেগুলো অন্যান্য এলাকার তুলনায় স্বাদে ভিন্ন। এখানে অনেক সময় আমরা ফরমালিনযুক্ত ফল খেতে আমরা ভয় পাই, সেক্ষেত্রে পাহাড়ে যে বাগানিরা আছে, তারা এই ফরমালিনের ব্যবহারটা তুলনামূলকভাবে কম ব্যবহার করে বলে আমি মনে করি। সরকারি ভাবে আমাদের উদ্যোগ নেয়া উচিৎ যে ফলের যে বাগান আছে, বাগানীরা আছে, কৃষকরা আছে, তাদেরকে ফরমালিনের মাত্রাটা কতটুকু ব্যবহার করা যাবে সেটার জন্য একটি প্রশিক্ষণ এর ব্যবস্থা করা দরকার।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ মিজানুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি পার্বত্য জেলার সংসদ সদস্য আবদুল ওয়াদুদ ভূঁইয়া, বান্দরবান পার্বত্য জেলার সংসদ সদস্য সাচিং প্রু এবং সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য মাধবী মার্মা।

উল্লেখ্য, রাজধানীর বেইলি রোডের পার্বত্য চট্টগ্রাম কমপ্লেক্স প্রাঙ্গণে পাহাড়ি ফল মেলা শুরু হয়েছে। ‘পাহাড়ি ফলের ঘ্রাণ, বৈচিত্র্যময় প্রাণ’-প্রতিপাদ্যে তিন দিনব্যাপী এই মেলার সূচনা হয়েছে শনিবার থেকে। পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের ব্যবস্থাপনায় আয়োজিত মেলাটি চলবে সোমবার পর্যন্ত।
প্রতিদিন সকাল ১০টা থেকে রাত সাড়ে ৮টা পর্যন্ত সবার জন্য মেলা উন্মুক্ত থাকবে বলে জানিয়েছে আয়োজক কর্তৃপক্ষ।

পাহাড়ের বুক থেকে বয়ে আসা অর্গানিক ফলের সুমিষ্ট স্বাদ, অনন্য কৃষিজ ঐতিহ্য এবং বৈচিত্র্যময় পাহাড়ি সংস্কৃতিকে সমতলের মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে রাজধানীতে শুরু হয়েছে এই বর্ণাঢ্য আয়োজন।
এবারের মেলায় বান্দরবান, খাগড়াছড়ি ও রাঙামাটি পার্বত্য জেলার মোট ৩০টি স্টল রয়েছে। মেলা প্রাঙ্গণে সাজানো হয়েছে পাহাড়ের সুস্বাদু মৌসুমী ফল- আম, আনারস, কাঁঠাল, কলা থেকে শুরু করে দুর্লভ বুনো রক্তফল (রসকো), রাম্বুটান ও বুনো বেলের মতো বাহারি ফলের সমাহার।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।