বর্ণাঢ্য আয়োজনে বান্দরবানে প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট টুর্নামেন্টের সমাপনী
![]()
নিউজ ডেস্ক
বান্দরবানে বর্ণাঢ্য আয়োজনে সম্পন্ন হয়েছে প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট টুর্নামেন্টের সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আয়োজনে এবং বান্দরবান জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় সোমবার (২৭ এপ্রিল) বিকেলে বান্দরবান জেলা স্টেডিয়ামে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টুর্নামেন্টের সমাপনী ঘোষণা ও পুরস্কার বিতরণ করেন বান্দরবানের জেলা প্রশাসক মো. সানিউল ফেরদৌস।
এসময় সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট বুলবুল আকতার সেতু, জেলা ক্রীড়া অফিসার মো. রেজাউল করিম, বান্দরবান জেলা ক্রিকেট আম্পায়ার্স ও স্কোরার এসোসিয়েশনের সভাপতি মো. মুজিবুর রশীদ, জেলা ক্রিকেট কোচ রাহুল বিশ্বাস, ধারাভাষ্যকার ও ক্রীড়াবিদ মাহাফুজুর রশীদ বাচ্চুসহ বিভিন্ন ক্রিকেট ক্লাবের প্রতিনিধি, খেলোয়াড় ও ক্রীড়াপ্রেমীরা উপস্থিত ছিলেন।

সমাপনী ম্যাচে মুখোমুখি হয় বান্দরবান কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজ ক্রিকেট দল এবং বান্দরবান সরকারি উচ্চ বিদ্যালয় ক্রিকেট দল।
বৃষ্টিবিঘ্নিত এই ম্যাচটি ২০ ওভারের পরিবর্তে ১৯ ওভারে সীমিত করা হয়। প্রথমে ব্যাট করে বান্দরবান কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজ ১০ উইকেট হারিয়ে ৭৫ রান সংগ্রহ করে। জবাবে বান্দরবান সরকারি উচ্চ বিদ্যালয় ১৫.৪ ওভারে ৪ উইকেট হারিয়ে ৮১ রান তুলে জয় নিশ্চিত করে এবং টুর্নামেন্টের চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
ফাইনালে অসাধারণ পারফরম্যান্সের জন্য বান্দরবান সরকারি উচ্চ বিদ্যালয়ের আতিকুল ইসলাম মিনহাজ ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন।

খেলা শেষে প্রধান অতিথি জেলা প্রশাসক মো. সানিউল ফেরদৌস চ্যাম্পিয়ন ও রানারআপ দলের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেন।
তিনি বলেন, তরুণ প্রজন্মকে খেলাধুলার প্রতি আরও উৎসাহিত করতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ভবিষ্যতে আরও বৃহৎ পরিসরে এবং জাঁকজমকপূর্ণভাবে ক্রীড়া আয়োজনের উদ্যোগ নেওয়া হবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।
এদিকে তিনি জেলা ক্রীড়া অফিসারকে জেলা স্টেডিয়ামের সৌন্দর্যবর্ধন ও উন্নয়নমূলক কার্যক্রম জোরদারের নির্দেশ দেন।
প্রসঙ্গত, গত ২০ এপ্রিল শুরু হওয়া এ টুর্নামেন্টে বান্দরবানের চারটি শিক্ষা প্রতিষ্ঠান অংশগ্রহণ করে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।