শ্রীলঙ্কার বিমানবন্দরে নজিরবিহীন মাদক জব্দ, ১১০ কেজি গাঁজা ও হাশিশসহ ২২ ভিক্ষু আটক
![]()
নিউজ ডেস্ক
শ্রীলঙ্কার রাজধানী কলম্বোর নিকটবর্তী বন্দরনায়েক আন্তর্জাতিক বিমানবন্দরে বিপুল পরিমাণ মাদকসহ ২২ জন বৌদ্ধ ভিক্ষুকে আটক করেছে পুলিশ। ঘটনাটি দেশটির ইতিহাসে অন্যতম বড় মাদক জব্দ হিসেবে উল্লেখ করা হচ্ছে।
যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম ‘দ্য ইনডিপেনডেন্ট’-এর বরাত দিয়ে জানা যায়, গত শনিবার (২৫ এপ্রিল) রাতে ব্যাংকক থেকে আগত একটি ফ্লাইটে শ্রীলঙ্কায় পৌঁছান ওই ভিক্ষুরা। এরপর শুল্ক ও আইনশৃঙ্খলা বাহিনীর তল্লাশিতে তাদের লাগেজ থেকে প্রায় ১১০ কেজি মাদক উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, ভিক্ষুদের ব্যাগে বিশেষভাবে তৈরি গোপন চেম্বারে ‘কুশ’ নামে পরিচিত শক্তিশালী গাঁজা এবং হাশিশ লুকানো ছিল। প্রতিটি ব্যাগে আনুমানিক পাঁচ কেজি করে মাদক পাওয়া যায়। আটক ব্যক্তিরা ২২ এপ্রিল ব্যাংকক গিয়েছিলেন এবং ধারণা করা হচ্ছে কোনো স্পনসর তাদের ভ্রমণ ব্যবস্থা করে দিয়েছিল।
শুল্ক বিভাগের তথ্য অনুযায়ী, উদ্ধার হওয়া মাদকের বাজারমূল্য ২৫ লাখ পাউন্ডেরও বেশি, যা বাংলাদেশি মুদ্রায় ৪১ কোটি টাকারও বেশি। কর্তৃপক্ষ একে বিমানবন্দরটির ইতিহাসে সবচেয়ে বড় একক মাদক জব্দ হিসেবে বর্ণনা করেছে।
ঘটনার পর নিগোম্বো ম্যাজিস্ট্রেট আদালত আটক ভিক্ষুদের ২ মে পর্যন্ত রিমান্ডে পাঠানোর নির্দেশ দেন। তদন্তে জানা গেছে, বিদেশ সফরের সময় তাদের সাধারণ পোশাকে সন্দেহজনক কার্যকলাপ ধরা পড়ে।
পুলিশ আরও জানায়, আটক ভিক্ষুরা দেশের বিভিন্ন মঠ ও শিক্ষাপ্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত তরুণ ধর্মীয় ব্যক্তিত্ব। ধর্মীয় পোশাক ব্যবহার করে এমন বড় পরিসরে মাদক পাচারের ঘটনা এটাই প্রথম বলে উল্লেখ করা হয়েছে।
এ ঘটনায় শ্রীলঙ্কার প্রধান বৌদ্ধ সংগঠনগুলো তীব্র নিন্দা জানিয়েছে। তারা অভিযুক্তদের ‘ভণ্ড ভিক্ষু’ আখ্যা দিয়ে ধর্মীয় পোশাকের অপব্যবহারের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছে।
পুলিশ এখন মাদকের উৎস, অর্থায়নকারী চক্র এবং আন্তর্জাতিক পাচার নেটওয়ার্কের সম্ভাব্য সম্পৃক্ততা নিয়ে তদন্ত চালিয়ে যাচ্ছে। ব্যাংকক রুট ব্যবহার করে শ্রীলঙ্কায় মাদক পাচারের অতীত ঘটনাগুলোও পুনরায় খতিয়ে দেখা হচ্ছে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।