রুমায় সরকারী কর্মকর্তা ও হেডম্যান-কার্বারীদের সাথে মতবিনিময়: সমন্বিত উদ্যোগের আহ্বান
![]()
নিউজ ডেস্ক
পার্বত্য জেলা বান্দরবানের দুর্গম পাহাড়ি উপজেলা রুমায় সরকারি কর্মকর্তা, মৌজা হেডম্যান, কারবারি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের অংশগ্রহণে একটি গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
স্থানীয় জনগণের সমস্যা সরাসরি তুলে ধরা এবং কার্যকর সমাধানের পথ নির্ধারণের লক্ষ্যে এই সভার আয়োজন করে উপজেলা প্রশাসন।
বুধবার (৬ মে) সকাল ১১টায় উপজেলা মিলনায়তন হলে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা লিজা আক্তার বিথী।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবানের সংসদ সদস্য সাচিং প্রু জেরী।
এর আগে সকাল ১০টায় প্রধান অতিথি মুনলাই পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবনের উদ্বোধন করেন। উদ্বোধন শেষে তিনি মতবিনিময় সভায় যোগ দিয়ে স্থানীয় জনগণের সঙ্গে খোলামেলা আলোচনা করেন।
সভায় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, স্থানীয় হেডম্যান, কারবারি ও সমাজের বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। আলোচনায় পাহাড়ি অঞ্চলের দীর্ঘদিনের পানি সংকট, শিক্ষা ব্যবস্থার সীমাবদ্ধতা এবং স্বাস্থ্যসেবার অপ্রতুলতার মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো উঠে আসে।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, পাহাড়ি এলাকার টেকসই উন্নয়নের জন্য পানি সমস্যা সমাধান এখন সময়ের দাবি। পাশাপাশি শিক্ষা ও স্বাস্থ্যখাতকে শক্তিশালী করতে সরকারি প্রতিষ্ঠান ও স্থানীয় জনগণের সমন্বিত উদ্যোগ অপরিহার্য। তিনি সংশ্লিষ্ট দপ্তরগুলোকে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।
সভায় অংশগ্রহণকারী স্থানীয় প্রতিনিধিরা তাদের বাস্তব সমস্যাগুলো তুলে ধরেন, যা সরকারি কর্মকর্তাদের সামনে এলাকার প্রকৃত চিত্র তুলে ধরে। কর্মকর্তারা এসব বিষয় গুরুত্ব সহকারে বিবেচনা করে দ্রুত সমাধানের আশ্বাস দেন।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।