চুয়াডাঙ্গায় বিজিবির অভিযানে উদ্ধারকৃত ৩ কোটি টাকার মাদক ধ্বংস
![]()
নিউজ ডেস্ক
চুয়াডাঙ্গায় বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) অভিযানে আটক বিপুল পরিমাণ মাদকদ্রব্য ধ্বংস করা হয়েছে। বুধবার বেলা ১১টায় চুয়াডাঙ্গা ৬ বিজিবি ব্যাটালিয়নের সদর দপ্তরে আয়োজিত এক অনুষ্ঠানে ৩ কোটি ১৮ লাখ টাকার বেশি মূল্যের এসব মাদক বিনষ্ট করা হয়।
বিজিবি সূত্রে জানা যায়, ধ্বংস করা মাদকের মধ্যে রয়েছে ১০ হাজার ৬১৭ বোতল ফেনসিডিল, ১ দশমিক ৮৫৭ কেজি হেরোইন, ২৩৮ দশমিক ৭৯ কেজি গাঁজা, ১ দশমিক ৮৯ কেজি কোকেন, ৩ হাজার ৯৮৩ বোতল বিদেশি মদ, ২৯ বোতল বিয়ার, ২৫ হাজার ৪৮৫ পিস নেশাজাতীয় ট্যাবলেট এবং ১৯টি ইনজেকশন। এসব মাদকের আনুমানিক মূল্য ৩ কোটি ১৮ লাখ ৭৬ হাজার ৬৬৫ টাকা।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মাহমুদুল হাসান। তিনি বলেন, মাদক একটি বহুমাত্রিক সামাজিক সমস্যা, যা মোকাবিলায় আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সাধারণ জনগণের অংশগ্রহণও জরুরি। ‘জিরো টলারেন্স’ নীতিতে বিজিবি সীমান্তে মাদক চোরাচালান প্রতিরোধে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কুষ্টিয়া সেক্টরের সেক্টর কমান্ডার কর্নেল মোহাম্মদ ইফতেখার হোসেন, চুয়াডাঙ্গা ৬ বিজিবির অধিনায়ক লেঃ কর্নেল নাজমুল হাসান, সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোস্তফা কামাল, অতিরিক্ত পুলিশ সুপার জামাল আল নাসের ও সিভিল সার্জন হাদি জিয়া উদ্দীনসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
বিজিবি জানায়, ২০২৪ সালের ১ আগস্ট থেকে ২০২৫ সালের ৩১ জুলাই পর্যন্ত চুয়াডাঙ্গা ও মেহেরপুর সীমান্ত এলাকায় পরিচালিত বিভিন্ন অভিযানে উদ্ধার হওয়া মালিকবিহীন মাদকদ্রব্যগুলো এদিন ধ্বংস করা হয়েছে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।