মহালছড়িতে সেনা জোনের চোখের চিকিৎসা ক্যাম্প: দ্বিতীয় ধাপে চশমা ও ওষুধ বিতরণ
![]()
নিউজ ডেস্ক
খাগড়াছড়ি জেলার মহালছড়িতে বাংলাদেশ সেনাবাহিনীর মহালছড়ি জোনের উদ্যোগে পরিচালিত বিনামূল্যের চোখের চিকিৎসা ক্যাম্পেইনের দ্বিতীয় ধাপে অসহায় ও সুবিধাবঞ্চিত রোগীদের মাঝে চশমা ও ওষুধ বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (১২ মে) সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত মহালছড়ি জোন সদর প্রাঙ্গণে এ কার্যক্রম পরিচালিত হয়।
এতে জোনের আওতাধীন বিভিন্ন দুর্গম এলাকা থেকে আগত চোখের রোগীদের প্রয়োজন অনুযায়ী বিনামূল্যে চশমা ও ওষুধ সরবরাহ করা হয়।

জানা যায়, গত ৭ মে মহালছড়ি শিশু মঞ্চ উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে দিনব্যাপী চোখের চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়। সেখানে বিশেষজ্ঞ চিকিৎসকদের মাধ্যমে রোগীদের চোখ পরীক্ষা করা হয়। যেসব রোগীর চোখে ছানি শনাক্ত হয়, তাদের উন্নত চিকিৎসা ও অস্ত্রোপচারের জন্য চট্টগ্রাম-এ পাঠানোর জন্য নির্বাচন করা হয়। পাশাপাশি যাদের চশমা প্রয়োজন, তাদের তালিকা প্রস্তুত করা হয়।
এরই ধারাবাহিকতায় দ্বিতীয় ধাপে পূর্বে তালিকাভুক্ত অবশিষ্ট রোগীদের মাঝে চশমা ও প্রয়োজনীয় ওষুধ বিতরণ করা হয়েছে।

মহালছড়ি জোনের আরএমও ক্যাপ্টেন বোরহান উদ্দিন বায়োজিদ বলেন, দুর্গম পাহাড়ি এলাকায় স্বল্প আয়ের মানুষের সেবায় বাংলাদেশ সেনাবাহিনী সবসময় কাজ করে যাচ্ছে। ৭ মে অনুষ্ঠিত ক্যাম্পে প্রায় ১১০০ রোগী অংশ নেন। লক্ষ্যমাত্রার তুলনায় বেশি রোগী হওয়ায় তখন সবার মধ্যে চশমা বিতরণ সম্ভব হয়নি, তাই তালিকা করে পরবর্তীতে তাদের চশমা প্রদান করা হচ্ছে।
স্থানীয়রা জানান, দুর্গম পাহাড়ি অঞ্চলে এ ধরনের মানবিক চিকিৎসাসেবা সাধারণ মানুষের জন্য অত্যন্ত উপকারী হয়ে উঠেছে। বিশেষ করে দরিদ্র জনগোষ্ঠী বিনামূল্যে চিকিৎসা ও চশমা পেয়ে স্বস্তি প্রকাশ করেছেন।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।