বাঙ্গাবাড়ি সীমান্তে বিজিবি-বিএসএফের পতাকা বৈঠকেও মেলেনি সমাধান, শূন্য রেখায় আটক ২৮
![]()
নিউজ ডেস্ক
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার বাঙ্গাবাড়ি সীমান্তে দুই দফা পতাকা বৈঠকের পরও উত্তেজনা কাটেনি। ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) কর্তৃক বাংলাদেশে পুশ-ইনের চেষ্টার ঘটনায় সীমান্তজুড়ে টানটান পরিস্থিতি বিরাজ করছে। এ অবস্থায় শূন্য রেখার কাছে অবস্থান নেওয়া ২৮ জন ব্যক্তি টানা দুই দিন ধরে খোলা আকাশের নিচে ঝোপঝাড়ের মধ্যে মানবেতর জীবনযাপন করছেন।
শুক্রবার (৫ জুন) সকালে তাদের খাদ্যের সন্ধানে শূন্য রেখা সংলগ্ন আমগাছ থেকে আম পাড়তে এবং আশপাশে চলাফেরা করতে দেখা গেছে। স্থানীয়দের মধ্যে এ নিয়ে উদ্বেগ ও উৎকণ্ঠা বিরাজ করছে।
পরিস্থিতি মোকাবিলায় সীমান্তে অতিরিক্ত জনবল মোতায়েন করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। একই সঙ্গে নজরদারি জোরদার করতে নতুন সদস্য নিয়োগ, টহল বৃদ্ধি এবং সীমান্ত এলাকায় পরিখা খননের কাজ শুরু হয়েছে। সীমান্তবর্তী জনগণকে সতর্ক ও সচেতন করতে মাইকিংসহ প্রচারণাও চালানো হচ্ছে।
এদিকে বৃহস্পতিবার গভীর রাতে শিবগঞ্জ উপজেলার কিরণগঞ্জ সীমান্তের কাঁটাতারবিহীন উন্মুক্ত এলাকা দিয়ে শূন্য রেখার দিকে কিছু অপরিচিত ব্যক্তির চলাচল দেখতে পেয়ে স্থানীয়দের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে বিজিবি পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
নওগাঁ-১৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফুল ইসলাম মাসুম বলেন, কোনোভাবেই ভারত সীমান্ত দিয়ে কাউকে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করতে দেওয়া হবে না। সীমান্তে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।
বৃহস্পতিবার সন্ধ্যায় রাজশাহী সেক্টরের সেক্টর কমান্ডার কর্নেল সৈয়দ কামাল হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সময় তিনি সাংবাদিকদের জানান, বিজিবি সীমান্ত পরিস্থিতি অত্যন্ত কঠোরভাবে পর্যবেক্ষণ করছে। বর্তমানে ওই ২৮ জন ব্যক্তি শূন্য রেখা থেকে প্রায় ৫০ গজ ভারতের অভ্যন্তরে অবস্থান করছেন।
এর আগে বৃহস্পতিবার ভোর ৩টার দিকে গোমস্তাপুর উপজেলার বাঙ্গাবাড়ি ইউনিয়নের ২০৩/৬-আর সীমান্ত পিলার সংলগ্ন এলাকা দিয়ে ১২ জন পুরুষ, ১০ জন নারী ও ৬ জন শিশুসহ মোট ২৮ জনকে বাংলাদেশে পুশ-ইনের চেষ্টা চালায় বিএসএফ। তবে বিজিবির কড়া অবস্থানের কারণে সেই চেষ্টা ব্যর্থ হয়।
সীমান্ত পরিস্থিতি ঘিরে স্থানীয় জনমনে উদ্বেগ থাকলেও বিজিবি জানিয়েছে, দেশের সার্বভৌমত্ব ও সীমান্ত নিরাপত্তা রক্ষায় তারা সর্বোচ্চ সতর্কতা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করে যাচ্ছে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।