উখিয়া-টেকনাফ সীমান্তে ৫ লাখ ৭২ হাজার ইয়াবা জব্দ, আটক ১
![]()
নিউজ ডেস্ক
কক্সবাজারের উখিয়া ও টেকনাফ সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর পৃথক তিনটি অভিযানে মোট ৫ লাখ ৭২ হাজার পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়েছে। অভিযানের সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে মাদক চোরাকারবারিদের একটি অংশ মিয়ানমারের দিকে পালিয়ে যায়। এ ঘটনায় একজন যুবককে আটক করা হয়েছে।
শুক্রবার (৫ জুন) সকালে উখিয়া ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. জহিরুল ইসলাম এক বার্তায় এসব তথ্য জানান।
বৃহস্পতিবার রাত ১২টা ২০ মিনিটের দিকে ইছাকের ঘের এলাকায় থার্মাল ডিভাইসের মাধ্যমে তিনজন সন্দেহভাজন চোরাকারবারিকে শনাক্ত করে বিজিবি। তারা পালিয়ে মিয়ানমারের দিকে যাওয়ার চেষ্টা করলে বিজিবি নন-লেথাল অস্ত্র থেকে ২ রাউন্ড গুলি ছোড়ে। এ সময় তারা তিনটি পলিথিনের পোটলা ফেলে পালিয়ে যায়। পরে তল্লাশি চালিয়ে সেখান থেকে আনুমানিক ৬ কোটি ৩ হাজার ৬০০ টাকা মূল্যের ২ লাখ ১২ হাজার ইয়াবা জব্দ করা হয়।
একই দিন রাত সাড়ে ১০টার দিকে গুইজারখাল এলাকায় মিয়ানমার থেকে বাংলাদেশে প্রবেশের সময় দুই সন্দেহভাজন ব্যক্তিকে চ্যালেঞ্জ করে বিজিবি। তারা পালানোর চেষ্টা করলে ১ রাউন্ড ফাঁকা গুলি ছোড়া হয়। পরে তারা দুটি ব্যাগ ফেলে মিয়ানমারের দিকে পালিয়ে যায়। ব্যাগ দুটি থেকে প্রায় ৯ কোটি টাকা মূল্যের ৩ লাখ ইয়াবা জব্দ করা হয়।
অন্যদিকে বালুখালী বিওপির বিশেষ টহল দল মাস্টারের ঘের এলাকায় অভিযান চালিয়ে মো. আমিন (২০) নামে এক যুবককে আটক করে। তার কাছ থেকে কাপড়ের পোটলায় লুকানো অবস্থায় ৬০ হাজার ইয়াবা উদ্ধার করা হয়। তিনি উখিয়ার বালুখালী এলাকার বাসিন্দা।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে মো. আমিন জানান, তিনি মিয়ানমার সীমান্ত থেকে ইয়াবাগুলো সংগ্রহ করে বেশি দামে বিক্রির উদ্দেশ্যে বহন করছিলেন।
বিজিবি জানায়, পালিয়ে যাওয়া চোরাকারবারিদের শনাক্ত ও গ্রেফতারের জন্য গোয়েন্দা নজরদারি আরও জোরদার করা হয়েছে। সীমান্ত সুরক্ষার পাশাপাশি মাদক ও চোরাচালান প্রতিরোধে বাহিনী সর্বোচ্চ সতর্কতা ও কঠোর অবস্থানে রয়েছে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।