অনেক ফায়দা তুলেছে ভারত, এখন পরিস্থিতি উল্টে গেছে: ট্রাম্প
![]()
নিউজ ডেস্ক
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ভারত বহু বছর ধরে যুক্তরাষ্ট্রের কাছ থেকে ‘ফায়দা তুলেছে’; তবে পরিস্থিতি এখন উল্টো হয়ে গেছে। তবে ওয়াশিংটন ও নয়াদিল্লি খুব দ্রুত বাণিজ্য চুক্তি সই করবে বলেও মন্তব্য করেন তিনি।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ‘ভালো বন্ধু’ বলে উল্লেখ করে বৃহস্পতিবার (৫ জুন) হোয়াইট হাউসের ওভাল অফিসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলে ডোনাল্ড ট্রাম্প।
মার্কিন প্রেসিডেন্ট বলেন, দীর্ঘ বছর ধরে দুই দেশের বাণিজ্য ঘাটতির অনুচিত সুবিধা নিচ্ছিল ভারত। তবে এখন পরিস্থিতি আমূল পাল্টে গেছে।
ভারতীয় সাংবাদিকদের তিনি বলেন, ‘আপনাদের প্রধানমন্ত্রীকে (মোদি) আমি খুব পছন্দ করি। উনি আমার ভালো বন্ধু। আমাদের বোঝাপড়াও দারুণ। আমাদের সম্পর্কও ভালো।’
বহু বছর ধরে ভারত আমেরিকার পণ্যের ওপর বিপুল পরিমাণ শুল্ক আরোপ করতো জানিয়ে ট্রাম্প বলেন, ‘ভারত কিছুই দিত না। এখন অবশ্য ভারতের সঙ্গে ব্যবসা করে প্রচুর লাভ হচ্ছে আমাদের। তবে আমরা খুব শিগগিরই একটা চুক্তিতে পৌঁছাব।’
নয়াদিল্লিতে ভারত ও যুক্তরাষ্ট্রের মধ্যে চার দিনব্যাপী (১ থেকে ৪ জুন) বাণিজ্য আলোচনা শেষ হয়েছে। ইউনাইটেড স্টেটস ট্রেড রিপ্রেজেন্টেটিভের (ইউএসটিআর) প্রধান মধ্যস্থতাকারীর নেতৃত্বে মার্কিন প্রতিনিধি দল ভারতীয় কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন। পণ্য বাণিজ্য, শুল্ক-সংক্রান্ত প্রক্রিয়া, বাণিজ্য সহজীকরণ, অশুল্ক বাধা ও অর্থনৈতিক নিরাপত্তা সহযোগিতার মতো একাধিক বিষয়ে দুই পক্ষের মধ্যে বিস্তারিত আলোচনা হয়েছে।
এই বৈঠককে অত্যন্ত ‘ইতিবাচক’ ও ফলপ্রসূ বলে উল্লেখ করেছে দুই পক্ষ। জানানো হয়েছে, দুই দেশের জন্যই লাভজনক হবে, এমন অন্তর্বর্তী বাণিজ্য চুক্তি চূড়ান্ত করার চেষ্টা চলছে। পাশাপাশি একটি বৃহত্তর দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তি (বিটিএ) নিয়েও সমান্তরালভাবে আলোচনা এগোচ্ছে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।