খাগড়াছড়ির রামগড়ে ৬ কেজি গাঁজাসহ সিএনজি চালক আটক
![]()
নিউজ ডেস্ক
খাগড়াছড়ির রামগড়ে অভিযান চালিয়ে ৬ কেজি গাঁজাসহ এক সিএনজি চালককে আটক করেছে পুলিশ। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি সিএনজিও জব্দ করা হয়েছে।
মঙ্গলবার (৯ জুন) দুপুরে রামগড় পৌরসভার দারোগাপাড়া এলাকায় ফিরোজা বেগমের বাড়ির সামনের সড়কে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করে রামগড় থানা পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, সন্দেহভাজন একটি সিএনজি থামিয়ে তল্লাশি চালানোর সময় এতে থাকা দুই ব্যক্তি পালিয়ে যায়। পরে সিএনজিচালক মাহবুব আলমকে জিজ্ঞাসাবাদ করলে তার দেওয়া তথ্যের ভিত্তিতে গাড়ির ভেতরে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
এ ঘটনায় মাদক পরিবহনে ব্যবহৃত সিএনজিসহ চালক মাহবুব আলমকে আটক করা হয়। তিনি চট্টগ্রামের ভূজপুর থানার দক্ষিণ হলুদিয়া গ্রামের নুরুল আলমের ছেলে।
রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নাজির আলম বলেন, উদ্ধারকৃত গাঁজা ও জব্দকৃত সিএনজির বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আটক ব্যক্তি এবং পলাতক আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর আদালতে সোপর্দ করা হয়েছে।
তিনি আরও বলেন, মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে এবং পলাতক আসামিদের গ্রেপ্তারে পুলিশের তৎপরতা চলমান রয়েছে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।