দীঘিনালা জোনের মানবিক সহায়তা: মাদ্রাসা-এতিমখানায় রেশন, অসহায়দের চিকিৎসা ও ঘর নির্মাণ সামগ্রী বিতরণ
![]()
নিউজ ডেস্ক
খাগড়াছড়ি পার্বত্য জেলার দীঘিনালায় বাংলাদেশ সেনাবাহিনীর দীঘিনালা জোনের উদ্যোগে মাদ্রাসা ও এতিমখানায় রেশন বিতরণ, অসুস্থ ব্যক্তিদের চিকিৎসা সহায়তা, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য ঘর নির্মাণ সামগ্রী প্রদান এবং চক্ষু রোগীদের বিনামূল্যে চিকিৎসাসেবা দেওয়া হয়েছে।
বুধবার (১০ জুন) সকাল সাড়ে ১০টা থেকে ১১টা ৫ মিনিট পর্যন্ত দীঘিনালা জোন এলাকায় আয়োজিত এ মানবিক কর্মসূচিতে উপস্থিত ছিলেন দীঘিনালা জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আল-আমিন।

অনুষ্ঠানে চট্টগ্রাম থেকে আগত বিশেষজ্ঞ চক্ষু চিকিৎসকদের মাধ্যমে স্থানীয় চক্ষু রোগীদের স্বাস্থ্য পরীক্ষা, পরামর্শ এবং বিনামূল্যে ওষুধ বিতরণ করা হয়। এ সময় প্রায় ১৩০ থেকে ১৫০ জন রোগী চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় ওষুধ গ্রহণ করেন।
কর্মসূচির অংশ হিসেবে স্থানীয় দুটি ধর্মীয় ও শিক্ষাপ্রতিষ্ঠান—ছোট মেরুং বাজার দারুস সুন্নাহ মাদ্রাসা এবং দারুল উলুম শাহিদা সুমাইয়া বালিকা মাদ্রাসা ও এতিমখানার জন্য খাদ্য সহায়তা প্রদান করা হয়। প্রতিষ্ঠান দুটিকে চাল, আটা, চিনি, ভোজ্যতেল ও ডাল সরবরাহ করা হয়।

এছাড়া চিকিৎসা ব্যয় নির্বাহের জন্য মো. বাচ্চু মিয়া ও ক্রিস ত্রিপুরাকে ৫ হাজার টাকা করে আর্থিক অনুদান দেওয়া হয়।
অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ও বসতঘর পুনর্নির্মাণে সহায়তার অংশ হিসেবে অন্তনিতা চাকমা, বাকী রাম ত্রিপুরা, মোছা. জাহেরা খাতুন, গৌরিকা বালা চাকমা, ফুলেকা চাকমা এবং মার্জিনা বেগমের হাতে ঢেউটিন তুলে দেওয়া হয়। এসব সহায়তা তাদের ক্ষতিগ্রস্ত বা পুনর্নির্মাণাধীন ঘর নির্মাণে কাজে লাগবে বলে জানা গেছে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন দীঘিনালা জোনের সাব-জোন কমান্ডার মেজর তৌকির আহমেদ, জোন অ্যাডজুট্যান্ট ক্যাপ্টেন আবদুল্লাহ আল আজমী এবং ক্যাপ্টেন মো. শায়খউদ্দীন সাকলাইন।

স্থানীয়রা সেনাবাহিনীর এ মানবিক উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বলেন, দুর্গম পার্বত্য অঞ্চলের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়ে দীঘিনালা জোন নিয়মিতভাবে জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। শিক্ষা, স্বাস্থ্যসেবা, মানবিক সহায়তা এবং দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের পুনর্বাসনে সেনাবাহিনীর এ ধরনের উদ্যোগ স্থানীয় জনগণের মধ্যে ইতিবাচক প্রভাব ফেলছে।
দীঘিনালা জোন কর্তৃপক্ষ জানায়, পার্বত্য অঞ্চলের মানুষের জীবনমান উন্নয়ন এবং মানবিক সহায়তা কার্যক্রমের ধারাবাহিকতা বজায় রাখতে ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক উদ্যোগ অব্যাহত থাকবে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।